হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ক্রীড়া ডেস্ক    

দুই দেশের অধিনায়ক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বে দেখা যাবে না বাংলাদেশকে। ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় দলটিকে ছোট সংস্করণের বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। বিষয়টি মনে হতেই মন খারাপ হচ্ছে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার।

নিরাপত্তা শঙ্কার কারণে ভারতের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু তাদের দাবি না রেখে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তাৎক্ষণিক বিষয়টির প্রতিবাদ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ার‍ম্যান মহসিন নাকভি। বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে বলে মন্তব্য করে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রাখেন তিনি। তাই টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে তৈরি হয়েছিল ঘোর অনিশ্চয়তা।

বেশ কিছু সংবাদমাধ্যমের দাবি করেছিল, বাংলাদেশের সমর্থনে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে পাকিস্তান। শেষ পর্যন্ত বয়কট না করলেও প্রতিবাদ জানিয়ে ভারত ম্যাচ না খেলার ঘোষণা দেওয়া হয়েছে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। বয়কটের ঘোষণা না দিলেও পাকিস্তানের এমন সিদ্ধান্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে ক্রিকেট বিশ্বে। গত ২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র এবং নামিবিয়া। আগামী পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। সেদিন ডাচদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা।

তার আগে রেভস্পোর্টজকে দেওয়া সাক্ষাৎকারে সালমান বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই; পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। দুঃখজনক যে তারা এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।’

ভারত ম্যাচ খেলা-না খেলা নিয়ে সরকারের সিদ্ধান্তকেই সম্মান জানাবেন সালমানরা। এই প্রসঙ্গে পাকিস্তান দলপতি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না সেটা অনিশ্চিত। পাকিস্তান সরকার যা বলবে আমরা সেটাই করব।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের ফর্ম নিয়ে বেশ খুশি সালমান। দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি, ‘আগের টুর্নামেন্টগুলোতে আমরা সমর্থকদের প্রত্যাশা মেটাতে পারিনি। এবার দলের অবস্থা ভিন্ন। সবাই ভালো করছে এবং এশিয়া কাপের পর আমাদের দল খুবই ধারাবাহিক পারফর্ম করছে। আশা করি এবার ভালো কিছুই হবে। অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে। আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো কিছুই করবে।’

এদিকে, সমর্থন দেওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তটি ছিল বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার। আজ নিজের ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘ধন্যবাদ পাকিস্তান।’

পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে কী বললেন ভারতীয় অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০০ রান দেখার অপেক্ষায় ব্রুক

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

শান্ত-মিরাজদের সান্ত্বনার মোড়কে সিরিয়াস ক্রিকেট দেখবেন কোথায়

বিসিবির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মোস্তাফিজরা পাবেন ৭ লাখ করে

ডেকে নিয়ে ‘অপমান’ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, দাবি সাবেক পিসিবি চেয়ারম্যানের