এক বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ঘোষণা করেছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। টুর্নামেন্টের পুরো ১৪ দল ঠিক না হলেও কে কোন গ্রুপে, সেটা গতকাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে। বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি। অ্যারন ফিঞ্চের কাছে এই গ্রুপটাই কঠিন।
ওয়ানডেতে বাজে সময় পেছনে ফেলে নিজেদের চেনা ছন্দে এখন বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া—এই চার দলের বিপক্ষে গত এক বছরে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মাঝে জিম্বাবুয়ের কাছে সিরিজ হেরেছে মেহেদী হাসান মিরাজ-নাহিদ রানা-মোস্তাফিজুর রহমান। তবু গত এক বছরে বাংলাদেশ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই উন্নতি করেছে। মোস্তাফিজ-রানাদের ইনিংসে ৫ উইকেট করে নেওয়ার ঘটনাও রয়েছে গত এক বছরে।
আইসিসি গতকাল সূচি ঘোষণার পর এক অনুষ্ঠানে সাম্প্রতিক পারফরম্যান্স দেখেই যেন ফিঞ্চ এগিয়ে রাখেন বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার সাবেক ওয়ানডে অধিনায়ক বলেন, ‘দারুণ একটা গ্রুপ হতে যাচ্ছে এটা। বিশেষ করে এই গ্রুপে বাংলাদেশ আছে। কোয়ালিফায়ারের একটা দলও খেলবে।’
একটা সময়ে সেমিফাইনালেই আটকে থাকত নিউজিল্যান্ড। বর্তমানে তারা আইসিসি ইভেন্টে নিয়মিত ফাইনাল খেললেও শিরোপা জিততে পারছে না। ২০১৫, ২০১৯ সালে টানা দুইবার ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও কিউইরা রানার্সআপ। দুইবারই তারা হেরেছে ভারতের কাছে।
আইসিসি ইভেন্টে একের পর এক ফাইনাল খেলে শিরোপা জিততে না পারলেও নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছেন না ফিঞ্চ। আইসিসির অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বলেন, ‘প্রত্যেক বিশ্বকাপেই নিউজিল্যান্ডকে খুব কম লোকই ফেবারিট মনে করেন। তবে প্রত্যেকবারই তারা সেমিফাইফানাল-ফাইনালে খেলে। সব সময়ই দুর্দান্ত খেলে।’
বাংলাদেশের গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকাও। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা কতটা দুর্দান্ত, সেটা সম্প্রতি তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে পারফরম্যান্স দেখলেই স্পষ্ট হওয়ার কথা। স্বাগতিক প্রোটিয়ারা ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে অজিদের বিপক্ষে। নভেম্বরেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘরের মাঠে হওয়ায় দক্ষিণ আফ্রিকাও ফিঞ্চের চোখে ফেবারিট। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার বলেন, ‘দক্ষিণ আফ্রিকা ঘরের মাঠে খেলবে। তারা সত্যিই দুর্দান্ত। অভিজ্ঞ-তারুণ্যের মিশেলে একটা দল।’
১৪ দলের বিশ্বকাপ হলেও সংস্করণটা একটু ভিন্ন। প্রথমে রাউন্ড রবিন পদ্ধতিতে হবে তিন দলের সুপার সিরিজ। এখানে খেলবে কোয়ালিফায়ার ১, কোয়ালিফায়ার ২ ও কোয়ালিফায়ার ৩। সরাসরি খেলা ১১ দল এবং প্রথম রাউন্ড (সুপার সিরিজ) থেকে আসা ১ দল—১২ দলকে দুই গ্রুপ ‘এ’ ও ‘বি’তে ভাগ করা হবে। প্রত্যেক গ্রুপে থাকছে ছয়টি করে দল। দুই গ্রুপের শীর্ষে থাকা প্রথম তিন দল মিলিয়ে ছয় দল তো উঠবেই। সঙ্গে থাকছে দুই গ্রুপ মিলিয়ে এরপরের সর্বোচ্চ পয়েন্ট পাওয়া আরও ১ দল—সব মিলিয়ে ৭ দল খেলবে সুপার সেভেনে।
‘এ’ গ্রুপে ভারত-পাকিস্তানের সঙ্গে পড়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। ‘বি’ গ্রুপের বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও কোয়ালিফায়ার ‘বি’। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার সেভেন শেষে হবে সেমিফাইনাল। ১৭, ১৮ নভেম্বর কেপটাউন, সোয়ানে স্টেডিয়ামে হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের দুই সেমিফাইনাল। ২১ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল।