ক্রিকেট ক্যারিয়ার শেষের পথে জেমস অ্যান্ডারসন। ক্যারিয়ার সায়াহ্নে এসে পড়া ৪৪ বছর বয়সী ইংলিশ পেসার আর কত দিন খেলবেন, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে ইতালিতে একটা দল কিনেছেন অ্যান্ডারসন।
ইতালিতে নভেম্বরে শুরু হতে যাওয়া এক টি-টেন লিগে ‘নাপোলি নাইটস’ ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী হিসেবে
অ্যান্ডারসনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ‘ইতালিয়া টি-টেন লিগ’ হওয়ার কথা রয়েছে। সাবেক এসেক্স ও সারে ব্যাটার নাদিম শহীদের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপেক্স টি-টেন লিমিটেড এই লিগ প্রতিষ্ঠা করেছে। লিগ কর্তৃপক্ষ গতকাল ঘোষণা করে, তাদের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ‘নাপোলি নাইটস’-এর পরিচালনার দায়িত্বে থাকবে ব্রিটিশ প্রতিভা ব্যবস্থাপনা সংস্থা ‘অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেজার’।
অ্যান্ডারসনের সঙ্গে অ্যাক্টিভেটের প্রধান লুক সাটনও নাপোলির সহ-স্বত্বাধিকারী। সাটন ল্যাঙ্কাশায়ারের সাবেক উইকেটরক্ষক ব্যাটার। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েক বছর অ্যান্ডারসনের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন সাটন।
অ্যান্ডারসন সহ-স্বত্বাধিকারী হওয়ার পর ক্রিকইনফো যোগাযোগের চেষ্টা করে সাটনের সঙ্গে। সাবেক ল্যাঙ্কাশায়ার ব্যাটার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি যে অ্যান্ডারসন ফ্র্যাঞ্চাইজিটিতে কি নিজের অর্থ বিনিয়োগ করেছেন, নাকি তাঁকে কাজ ও অবদানের বিনিময়ে মালিকানার অংশ দেওয়া হয়েছে।
অ্যান্ডারসনকে গত সপ্তাহে ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস জানিয়েছিলেন, আগামী মৌসুমের জন্য তাঁকে (অ্যান্ডারসন) চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা নেই ক্লাবের নেই। ২৫ অক্টোবর ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের হতাশা প্রকাশ করে অ্যান্ডারসন লেখেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকত, তাহলে এভাবে শেষ হতো না। তবে খেলোয়াড়-সমর্থকদের জানাই শুভকামনা।’
২০০২ থেকে ২০২৪ পর্যন্ত ২২ বছরের ক্যারিয়ারে ১৮৮ টেস্ট, ১৯৪ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি খেলেন অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪০১ ম্যাচে ৯৯১ উইকেট নিয়েছেন। যার মধ্যে টেস্টেই নিয়েছেন ৭০৪ উইকেট। লর্ডসে ২০২৪ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটাই তাঁর ক্যারিয়ারের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। গত বছরের অক্টোবরে নাইটহুড পদক গ্রহণ করেন ইংল্যান্ডের কিংবদন্তি পেসার।