ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের সমীকরণ পাকিস্তানের পক্ষে কথা বলেছে। হ্যারি ব্রুকের দলের কাছে ব্ল্যাক ক্যাপরা হারায় সেমিফাইনালের আশা টিকে আছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। এবার নিজেদের কাজটা করতে হবে সালমান আলী আগার দলকে। তবে সেটা মোটেও সহজ হবে না তাদের জন্য।
৩ ম্যাচে শতভাগ জয়ে গ্রুপ টু থেকে সবার আগে সেমিফাইনালে পা রেখেছে ইংল্যান্ড। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। এই গ্রুপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। নিয়মরক্ষার ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ পাকিস্তান। লঙ্কানদের জন্য নিয়মরক্ষার হলেও পাকিস্তানের জন্য ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ।
শুধু জিতলেই হবে না পাকিস্তানের। ৩ ম্যাচ শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। ২ ম্যাচে পাকিস্তানের নামের পাশে শোভা পাচ্ছে ১ পয়েন্ট। শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে নিউজিল্যান্ডের সমান ৩ পয়েন্ট হবে তাদের। সে ক্ষেত্রে সামনে চলে আসবে রানরেটের হিসাব। নেট রানরেটে এগিয়ে থাকা দলই ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে শেষ চারে জায়গা করে নেবে।
রানরেটে নিউজিল্যান্ডের চেয়ে বেশ পিছিয়ে পাকিস্তান। + ১.৩৯০ রানরেট নিয়ে স্বস্তিতেই আছে কিউইরা। সেখানে –০.৪৬১ রানরেট চিন্তার কারণ পাকিস্তানের। তাই শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জিতলেই হচ্ছে না তাদের। সমীকরণ বলছে, সেমিফাইনালে যেতে আগে ব্যাট করলে অন্তত ৬৪ রানে জিততে হবে পাকিস্তানকে। এ ছাড়া রান তাড়া করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। পাকিস্তান এই দুটি সমীকরণের যেকোনো একটি মিলিয়ে জিততে না পারলে সেমিফাইনালে পা রাখবে নিউজিল্যান্ড। পাকিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হেরে যায় তাহলে রানরেটের হিসাব ছাড়াই পয়েন্টে এগিয়ে থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে নিউজিল্যান্ড।