হোম > খেলা > ক্রিকেট

তিন দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কতক্ষণ টিকবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা চলছেই। ছবি: ক্রিকইনফো

সেঞ্চুরিয়নে প্রথম দুই দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭ উইকেটে ৪৯৪ রান। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকেরা লিডটা নিয়ে গেছে ৪০৩ রানে। গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণা করে কি না, সেটাই ছিল দেখার। স্বাগতিকেরা যা দ্বিতীয় দিনে করেনি, তা করল আজ তৃতীয় দিনে।

বাংলাদেশ সময় আজ বেলা ২টায় শুরু হওয়ার কথা বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। কিন্তু আজ খেলা শুরুর আগেই প্রোটিয়াদের স্কোরবোর্ডের পাশে দেখা গেল ডিক্লেয়ার্ড। অর্থাৎ৭ উইকেটে ৪৯৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তাতে স্বাগতিকদের ৪০৩ রানের লিড টপকাতে এখন বাংলাদেশের হাতে তিন দিন সময় থাকছে। ফিল সিমন্সের বাংলাদেশ কতক্ষণ টিকতে পারে, সেটাই দেখার।

সেঞ্চুরিয়নে চলমান দ্বিতীয় টেস্টটা বাংলাদেশের জন্য টিকে থাকার লড়াই। কিন্তু দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। প্রোটিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৩.৩ ওভারে ৯১ রানেই শেষ বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ২৩ রান করেন মাহফিজুল ইসলাম রবিন। কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন নিয়েছেন তিনটি করে উইকেট।

জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১১৫ ওভারে ৭ উইকেটে ৪৯৭ রানে ইনিংস ঘোষণা করে। ওপেনার মার্কোস অ্যাকারমান করেন ১৫০ রান। ১৩৮ বলের ইনিংসে ২৩ চার ও ৪ ছক্কা মেরেছেন। টেস্টে এটা তাঁর দ্বিতীয় সেঞ্চুরি। দুইবারই তিনি দেড়শ পেরিয়েছেন। আর ভিয়ান মুলডার সাত নম্বরে ১৭৮ বলে ১২ চার ও ২ ছক্কায় করেন ১০০ রান। এটা মুলডারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি।

জোহানেসবার্গে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবি হয়েছে বাংলাদেশের। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১৬৮ রান করায় প্রোটিয়াদের সামনে লক্ষ্যটা ছিল কেবল ১২ রানের। মাত্র ৯ বলে ৯ উইকেটের জয় তুলে নিয়েছিল প্রোটিয়ারা। ১১৮ রানে ৮ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন কাগিসো রাবাদা। যেখানে প্রথম ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। আর ব্যাটিংয়ে ৭২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।