বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১২তম টেস্ট ভেন্যু হিসেবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ আত্মপ্রকাশের পরই ৭৫০ বলে শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। এই টেস্টের ম্যাচ রেফারির দায়িত্বে থাকা স্যার রিচি রিচার্ডসন গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার উইকেটকে ‘খুব ভালো’ রেটিং দিতে যাচ্ছেন বলে জানা গেছে। সেভেন ক্রিকেটের প্রধান প্রতিবেদক টম মরিস এ তথ্য জানিয়েছেন। তবে এই মূল্যায়ন আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগে আইসিসির অনুমোদন প্রয়োজন হবে।
ম্যাকাইতে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়ে ধবলধোলাই এড়িয়েছে অস্ট্রেলিয়া। ৭৫০ বলে শেষ হওয়া বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সবচেয়ে কম বলে ফল হওয়া টেস্টগুলোর মধ্যে চতুর্থ সর্বনিম্ন। তবে জশ হ্যাজলউড এখানে উইকেটকে দায় দিতে চাচ্ছেন না। গতকাল দ্বিতীয় দিনে ফল আসার পর হ্যাজলউড ফক্স ক্রিকেটের অ্যাডাম গিলক্রিস্টকে বলেন, “হ্যাঁ, উইকেট বেশ ভালো ছিল। আমার মনে হয় না, ম্যাচটি দুই দিনের হওয়ার কথা ছিল। উইকেটে যথেষ্ট সহায়তা ছিল। সম্ভবত আজ (দ্বিতীয় দিন) উইকেট আরও দ্রুতগতির হয়ে উঠেছিল।’
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো এই টেস্ট শেষের পর বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘দ্য অস্ট্রেলিয়ান ডট কম’ লিখেছে, ‘দুই দিনের টেস্ট বন্ধ করতেই হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেটের ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে।’ সংবাদমাধ্যমটি আরেক প্রতিবেদন প্রকাশ করেছে এই শিরোনামে, ‘পাঁচ দিনের ক্রিকেটের মৃত্যু। যেভাবে সংক্ষিপ্ততম টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে।’ আরেক সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদন ছিল, ‘ক্রিকেটের জন্য এটা ক্ষতিকর।’
প্রত্যেক ২৫ বল পরপর উইকেট পড়েছে ম্যাকাইতে সদ্য সমাপ্ত বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টে। যার মধ্যে গত পরশু প্রথম দিনে পড়েছে ১৮ উইকেট। ম্যাকাই টেস্টের উইকেট নিয়ে হ্যাজলউড বলেন, ‘প্রথম দিনে সামান্য সিম মুভমেন্ট ছিল, যা বেশির ভাগ টেস্টেই আপনি আশা করেন। কিন্তু বলের উজ্জ্বলতা চলে যাওয়ার পর খুব বেশি কিছু হচ্ছিল না। একজন বোলারের দৃষ্টিকোণ থেকে অন্তত তা-ই মনে করছি। উইকেটটা এর চেয়েও ভালো মনে হয়েছে।’
অস্ট্রেলিয়ার মাঠে মাত্র দুই দিনে শেষ হওয়া আরেকটি টেস্টও ‘খুব ভালো’ পিচের স্বীকৃতি পাওয়ার এক বছরেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। পার্থে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত অ্যাশেজের প্রথম টেস্টও মাত্র দুই দিনে শেষ হয়েছিল। সেই ম্যাচে ৩২ উইকেটের মধ্যে ১৯ উইকেট পড়েছিল প্রথম দিনে।
‘খুব ভালো’ হলো আইসিসি সম্ভাব্য চার পিচ গ্রেডিংয়ের মধ্যে সর্বোচ্চ। এর অর্থ হলো—ম্যাচের শুরুতে ভালো বাউন্স, সীমিত সিম মুভমেন্ট এবং ধারাবাহিক বাউন্স থাকবে, যা ব্যাটার ও বোলারদের মধ্যে ভারসাম্যপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার সুযোগ তৈরি করবে।
ম্যাকাইতে ভরাডুবির পরও ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের মতোই চার নম্বরে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের পর শান্তর দলের সফলতার হার এখন ৫৫.৫৬ শতাংশ। ৬ ম্যাচে ৩ জয়, ২ হার ও ১ ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট ৪০।