হোম > খেলা > ক্রিকেট

ওয়ানডের ‘সেঞ্চুরি’ পূর্ণ করা লিটন ১১ বছরে কেমন করলেন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শততম ওয়ানডে খেলতে নেমেছেন লিটন। ছবি: বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া রুবেল হোসেনকে আজ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে মাঠে দুই দলের ক্রিকেটারদের সামনে এই সম্মাননা পেয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন রুবেল। রুবেলের সম্মাননার আগের মুহূর্তটা ছিল লিটন দাসের।

‘১০০’ লেখা একটি ক্যাপ লিটনের হাতে তুলে দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ক্যামেরার লেন্স গ্যালারিতে যেতেই ভক্তদের ভালোবাসাও চোখে পড়েছে। ‘শততম ওয়ানডের জন্য অভিনন্দন লিটন’ লেখা সংবলিত ব্যানার নিয়ে গ্যালারিতে হাজির হয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটারের ভক্তরা।

২০১৫ সালের ১৮ জুন তপ্ত দুপুরে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল লিটনের। দেখতে দেখতেই অতীত হয়েছে প্রায় ১১ বছর। নিউজিল্যান্ডের বিপক্ষে আজ নিজের ওয়ানডে ক্যারিয়ারের শততম ম্যাচটি খেলতে নেমেছেন লিটন। দিনটা তাই একটু বেশিই স্মরণীয় তাঁর জন্য। ১০০তম ওয়ানডেতে এসে একটা প্রশ্নও সামনে দাঁড়িয়ে যাচ্ছে—গত ১১ বছরে কেমন করলেন লিটন?

লিটনের ক্যারিয়ার উত্থান-পতন ভরা। গত ১১ বছরে ভালো-মন্দ দুই রকম সময়ই দেখেছেন। বাজে ফর্মের কারণে লম্বা সময় দলের বাইরে থেকেছেন, ভক্তদের ট্রলের শিকার হয়েছেন। আবার দলে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছেন। একা হাতে দল জিতিয়ে এসেছেন খবরের শিরোনামে। কিন্তু যোগ্যতা অনুযায়ী লিটন দলকে সেরাটা দিতে পেরেছেন কি না সেটা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

লিটনের ওয়ানডে পরিসংখ্যানে একটু চোখ বুলিয়ে আসা যাক। ৯৯ ওয়ানডের ৯৮ ইনিংসে ব্যাট হাতে করেছেন ২৭০০ রান। ৮৫.৭৬ স্ট্রাইকরেট এবং ৩০.৩৩ গড়ে এই রান করেছেন লিটন। নয়বার অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন। ১২ ফিফটির বিপরীতে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটার। ওয়ানডেতে তাঁর সর্বোচ্চ ইনিংসটা ১৭৬ রানের। বাংলাদেশের হয়ে এই সংস্করণে এটা সর্বোচ্চ রানের ইনিংস।

২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির (১২১ রান) দেখা পান লিটন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি। ১৪টি সেঞ্চুরি করে সবার ওপরে আঠেন তামিম ইকবাল। সমান নয়টি করে সেঞ্চুরি আছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের নামের পাশে। বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে শততম টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলার কীর্তি গড়লেন লিটন। এই প্রতিভাবান ব্যাটার নিজের ক্যারিয়ারকে কতদূর নিয়ে যেতে পারেন সেটাই দেখার।

বেফাঁস মন্তব্য করে আইসিসির শাস্তি পেলেন আমিরাত অধিনায়ক

মধ্যাঞ্চলকে ইনিংস হারের লজ্জা দিলেন মুশফিক-অমিতরা

যেখানে সাকিব-তামিমদের পেছনে ফেলে সবার ওপরে হৃদয়

বাংলাদেশের কাছে হেরে শিক্ষা হয়েছে নিউজিল্যান্ডের

ওয়াসিম আকরাম-বোল্টের রেকর্ডে ভাগ বসালেন মোস্তাফিজ, সামনে স্টার্ক

নাহিদ রানার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি মিরাজের

মোস্তাফিজ-রানাকে পাকিস্তানে পাঠাচ্ছে না বিসিবি

শান্তর পর ফিজ ঝলকে সিরিজ বাংলাদেশের

রানার পর এবার নিউজিল্যান্ডকে ধাক্কা দিলেন মিরাজ

মাঠে দর্শকখরা, টি-টোয়েন্টিতে টিকিটের দাম কমাল বিসিবি