চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিজেদের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। আসন্ন সিরিজের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ২০০ টাকা খরচ করে মাঠে বসে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ দেখতে পারবে দর্শকেরা; সর্বোচ্চ খরচ হবে ২০০০ টাকা। তিনটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। নর্দান গ্যালারি এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের বসে খেলা দেখতে খরচ করতে হবে ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৬০০ টাকা।
ইন্টারন্যাশনাল গ্যালারির (নর্থ-সাউথ) মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা। ইন্টারন্যাশনাল লাউঞ্জের জন্য দর্শকদের গুনতে হবে ১২০০ টাকা। এ ছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডে (আপার-লোয়ার) বসে খেলা দেখতে খরচ করতে হবে ২০০০ টাকা। অনলাইনে রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে ভিজিট করতে হবে www. gobcbticket. com. bd. একই নামে অ্যাপ থেকেও বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিট কিনতে পারবে দর্শকেরা।
ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। দুই দলের প্রথম ওয়ানডে হবে ১১ মার্চ। ১৩ ও ১৫ মার্চ বাকি ম্যাচ দুটিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বাদ পড়েছে পাকিস্তান। বাজে পারফরম্যান্সের কারণে বড় পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবচেয়ে বড় চমক বাবর আজমের বাদ পড়া। দলে নেওয়া হয়েছে এখন পর্যন্ত ওয়ানডেতে অভিষেক না হওয়া ছয় ক্রিকেটারকে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম সাহিবজাদা ফারহান। ৩৮৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করেছেন এই ওপেনার। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। চোটের কারণে দলে রাখা হয়নি ফখর জামানকে।
বাংলাদেশ দলেও আছে চমক। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলী, শামীম পাটোয়ারী। লম্বা সময় পর দলে ফেরানো হয়েছে আফিফ হোসেন ধ্রুবকে। ২০২৪ সালের পর ডিসেম্বরের পর আর বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে।