শুরুর দিকে একবার ক্যাচ দিয়েছিলেন সঞ্জু স্যামসন। জফরা আর্চারের বলে মিড অনে ভারতীয় এই ওপেনারের সহজ ক্যাচ ফেলেছিলেন হ্যারি ব্রুক। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ইংল্যান্ড অধিনায়ক ব্রুক স্বীকার করে নিলেও ওই ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে তাঁদের।
ব্রুক যখন ক্যাচ মিস করেন, তখন স্যামসনের রান ১৫। ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে ৪২ বলে ৮৯ রানের ইনিংস খেলেন স্যামসন। যদি ব্রুক ক্যাচটা ধরতেন, তাতে হয়তো ভারত ২৫০ রানও করতে পারত না। ভারতের রান আর কিছু কম হলেই মনস্তাত্ত্বিক চাপটাও কম হতে পরে রান চেজ করতে আসা ইংলিশ ব্যাটারদের ওপর। সব মিলিয়ে হ্যারি ব্রুকের উপলব্ধি, ‘আমি স্বীকার করছি যে স্যামসনের ক্যাচ মিস করাটা আমার বড় ভুল ছিল। ফিল্ডিংয়ে আমরা যথেষ্ট ভালো ছিলাম না। আমরা পরিকল্পনার সঠিক প্রয়োগ করতে পারিনি, আর ভারতের বিপক্ষে এমন ভুল করা চলে না।’
চাপের মুখেও দুর্দান্ত ব্যাটিং করা বেথেলের প্রশংসাও করলেন ব্রুক, ‘ বেথেল একদম অবিশ্বাস্য ছিল, সে ভবিষ্যতে অনেক বড় মাপের খেলোয়াড় হবে। প্রথম বল থেকেই সে যেভাবে খেলেছে, তা পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে সে কী করতে পারে। আমাদের টুর্নামেন্ট ভালো কেটেছে, আমরা যেভাবে খেলেছি তার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।’
আর ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন, ‘অবিশ্বাস্য এক অনুভূতি। ভারতে খেলা এবং এমন একটি অবিশ্বাস্য দলকে নেতৃত্ব দেওয়া দারুণ ব্যাপার। স্যামসন জানতেন তাকে কী করতে হবে। দলের তার কাছ থেকে এমন পারফরম্যান্সের প্রয়োজন ছিল এবং এটি পাওনা ছিল।’