এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে ছিটকে দিতে পারে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার অবস্থান ৮ ও ২৫ নম্বরে। তাছাড়া ক্রিকেটের ঐতিহ্যগত দিক থেকেও দুই দলের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। যদি টি-টোয়েন্টিতে দুই দলের খেলার সময়কাল হিসাব করা হয়, সেখানেও বাংলাদেশ অনেক এগিয়ে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশ ও মালয়েশিয়া খেলছে ২০০৬ ও ২০১৯ সাল থেকে।
মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ ক্রিকেটে যোজন যোজন এগিয়ে থাকলেও কোয়ার্টার ফাইনাল ম্যাচ হওয়ায় সালাহ উদ্দীন বেশ সাবধানী। জাপানে আজ সাংবাদিকদের এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটা একটা চাপের ম্যাচ। কারণ, এটা নকআউট পর্বের ম্যাচ। নকআউট পর্বে সব সময়ই চাপ থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত বাংলাদেশ-মালয়েশিয়া একবারই মুখোমুখি হয়েছে। হাংঝুতে টি-টোয়েন্টি সংস্করণে ২০২৩ এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারাতে ঘাম ছুটে গিয়েছিল বাংলাদেশের। সাইফ হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ সেবার জিতেছিল কেবল ২ রানে। পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিকরা ছিলেন একাদশে।
তিন বছর পর আরেকটা এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-মালয়েশিয়া। নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে পরশু বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে এই ম্যাচ। আপাতত শেষ আটের বাধা কীভাবে উতড়ানো যায়, সেটা নিয়েই চিন্তা সালাহ উদ্দীনের। সংবাদমাধ্যমকে আজ বাংলাদেশ কোচ বলেন, ‘আমরা জানি, খেলেই আমাদের জিততে হবে। সেভাবেই মানসিক প্রস্তুতি নিচ্ছি। আমাদের এই ম্যাচটিকে তাই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। পরের ম্যাচ নিয়ে পরে ভাবা যাবে।’
নিশিনের কোরোগি স্পোর্টস ক্লাবে কদিন আগেই হয়েছে নারী এশিয়ান গেমস ক্রিকেট। একই মাঠে ছেলেদের ক্রিকেট সবগুলো ম্যাচ হবে। তাছাড়া যে মালয়েশিয়ার বিপক্ষে সালাহ উদ্দীনের শিষ্যরা খেলতে নামছেন, দলটির কোচ ডেভ হোয়াটমোর এক সময় বাংলাদেশের কোচ ছিলেন। কয়েক মাস আগে হোয়াটমোরের মালয়েশিয়া বাংলাদেশ সফরে এসে হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে খেলে গেছে।
একই উইকেটে বারবার খেলা হওয়ায় লো স্কোরিং ম্যাচও অনেক সময় টানটান উত্তেজনাপূর্ণ হয়ে থাকে। তাছাড়া বাংলাদেশের সাবেক কোচ হোয়াটমোর বর্তমানে মালয়েশিয়ার কোচ হওয়ায় প্রতিপক্ষ দলের অবস্থা সম্পর্কে কিছুটা হলেও তাঁর ধারণা আছে। মালয়েশিয়াকে তাই হালকাভাবে নিচ্ছেন না সালাহ উদ্দীন। জাপানে আজ সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে অঘটন ঘটতে পারে। কারণ, একই উইকেটে বারবার খেলা হচ্ছে। তাই অনেক সময় টসও বড় একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। আমাদের দলের ব্যাপারে ভালো ধারণা আছে। আমার মতে, ম্যাচটি ভালো হবে। মালয়েশিয়া সম্পর্কে আমি সবকিছুই জানি। কারণ, আমি দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করেছি।’
পরশু মালয়েশিয়াকে হারালে সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। আগামীকাল পাকিস্তান-হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল পর্ব। বাংলাদেশ সময় সকাল ৬টায় নিশিনে শুরু হবে পাকিস্তান-হংকং ম্যাচ।