অভিষেক শর্মাকে নিয়ে চিন্তা দূর হয়েছে ভারতের। ব্যাট হাতে টানা ব্যর্থতার পর অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ফিফটির দেখা পেয়েছেন এই ওপেনার। তাঁর ফর্মে ফেরায় বাকিদের মতো ফাফ ডু প্লেসিও বেশ খুশি। ফর্মে ফিরতে অভিষেক গোটা দুনিয়াকে পাশে পেয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।
জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে প্রথম ৪ ইনিংসে মাত্র ১৫ রান করেছিলেন অভিষেক। এর মধ্যে প্রথম তিন ম্যাচে (গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে) রানের খাতাই খুলতে পারেননি। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উইকেটে টিকে গেলেও ১৫ রানের বেশি করতে পারেননি। এরপরও তাঁর ওপর আস্থা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সে আস্থার প্রতিদান ভালোভাবেই দিলেন অভিষেক। জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে খেলেন ৫৫ রানের দারুণ এক ইনিংস।
ক্রিকইনফো টাইমআউট অনুষ্ঠানে ফাফ ডু প্লেসি বলেছেন, ‘অভিষেক শর্মার জন্য এটা অনেক বড় ইনিংস। এই ইনিংস থেকে তাঁর চাওয়া কী ছিল? তার আত্মবিশ্বাসে দরকার ছিল। যে ব্যাটারই হোক না কেন কিংবা বিশ্বকাপের আগে যত ফর্মেই থাকুক–টানা তিন-চার ম্যাচে রান না পেলে বিশ্বের প্রতিটি ব্যাটার চাপ অনুভব করবে। একই সঙ্গে আত্মবিশ্বাস কমতে শুরু করে। তখন মাথার ভেতর অনেক কিছু কাজ করতে থাকে।’
ডু প্লেসি আরও যোগ করেন, ‘অভিষেক এখন কিছুটা স্বস্তিতে আছে। সে এখন বলতে পারবে কিছু রান করেছি এবং সেটাকে বিশ্বকাপের বাকি সময় বয়ে নিতে পারব। ম্যাচটিতে (জিম্বাবুয়ের বিপক্ষে) সবকিছুই তার পক্ষে ছিল। উইকেট একদমই নিষ্প্রাণ ছিল। মিডিয়াম পেস বোলিংয়ের বিপক্ষে খেলেছে; শুরুতে কোনো অফ স্পিনারের মোকাবেলা করতে হয়নি। যেন ফর্মে ফেরাতে গোটা দুনিয়া তার জন্য চেষ্টা করেছে।’
এই ফিফটি অভিষেককে আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করেন ভারতের সাবেক তারকা লেগস্পিনার অনিল কুম্বলে। একই অনুষ্ঠানে কুম্বলে বলেন, ‘অভিষেক এই ইনিংস বয়ে নিতে পারবে। সে ভালো ব্যাট করেছে। তার সামনে অফ স্পিন আনা হলেও সামলাতে পারত। এমন নয় যে অফ স্পিনারদের বিপক্ষে খেলতে পারত না। সামনের ম্যাচগুলোর জন্য এই ফিফটি তাকে অনেক আত্মবিশ্বাস জোগাবে।’