হোম > খেলা > ক্রিকেট

জাতীয় দলের হয়েও ৩৫০ রান করতে চান ‘কিংবদন্তি’ হৃদয়

ক্রীড়া ডেস্ক    

৩৫০ রানের ইনিংস খেলে নতুন রেকর্ড গড়েছেন তাওহীদ হৃদয়। ছবি: ফেসবুক

রেকর্ড ভাঙা ইনিংস তো বটেই, তাওহীদ হৃদয় দক্ষিণ আফ্রিকায় ৩৫০ রান করে মনে রাখার মতো ইনিংস খেলেছেন। তাঁর বীরত্বপূর্ণ ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের হয়েও এমন ইনিংস খেলার আশাবাদ ব্যক্ত করেছেন হৃদয়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচে হৃদয় ছিলেন না। দ্বিতীয় চার দিনের ম্যাচে তাঁকে করা হয়েছে অধিনায়ক। তিনিও বনে গেলেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ৪৮১ বলে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ম্যাচ ড্র হলে ম্যাচসেরার পুরস্কার ওঠে হৃদয়ের হাতে। ম্যাচ শেষে কয়েকটি ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। ২৫ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘ম‍্যান অব দ‍্যা ম‍্যাচের ট্রফি নিয়ে বারবার মনে হচ্ছিল, কোনো একদিন এমন একটি ইনিংস জাতীয় দলের হয়ে খেলব ইনশা আল্লাহ। সৃষ্টিকর্তা এবং আমার মায়ের দোয়া থাকলে সব সম্ভব।’

পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে ৩৫০ রান করে প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের ৩৩৪ রানের রেকর্ড ভেঙে দিয়েছেন। যেখানে তামিম বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। হৃদয়কে অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিসিবি সভাপতি। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘অপরাজিত ৩৫০! অবিশ্বাস্য এক ইনিংস। তাওহীদ হৃদয় নাম লেখাল ইতিহাসের পাতায়।’ নাঈম শেখ ফেসবুকে লিখেছেন, ‘ ৩৫০ রানের ইনিংসটি উদযাপন করার যোগ্য। তাওহীদ হৃদয় ঐতিহাসিক ইনিংস খেলেছে। কিংবদন্তির মর্যাদা পেয়ে গেছে।’ এই নাঈম শেখ ছিলেন দ্বিতীয় চার দিনের ম্যাচে হৃদয়ের ঐতিহাসিক ইনিংসের স্বাক্ষী।

তামিম-মাহমুদউল্লাহ-নাঈমদের পাশাপাশি আরও অনেকের কাছ থেকেই হৃদয় পাচ্ছেন অভিনন্দন বার্তা। তাতে করে হৃদয় ভবিষ্যতে আরও দারুণ কিছু করতে আত্মবিশ্বাসী। ফেসবুকে ২৫ বছর বয়সী এই ব্যাটার লিখেছেন, ‘সত‍্যি বলতে, এই ইনিংস আমাকে আরও আত্মবিশ্বাসী করেছে। অসংখ্য শুভকামনা পেয়েছি এখন ও পাচ্ছি। সবাইকে ধন‍্যবাদ।’

বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ট্রিপল সেঞ্চুরির কীর্তি ছিল কেবল দুজনের—রাকিবুল হাসান ও তামিম ইকবালের। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে সিলেট বিভাগের বিপক্ষে ৩১৩ রান করেছিলেন রাকিবুল। এরপর ২০১৯-২০ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট লিগে ইস্ট জোনের হয়ে ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন তামিম। এবার তাঁদের পাশে নাম লেখালেন হৃদয়।

৩৫০ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন হৃদয়। এতদিন রেকর্ডটি ছিল শাহরিয়ার হোসেন বিদ্যুতের দখলে। ২০০৩ সালে করাচিতে ডিফেন্স হাউজিং কমিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন তিনি।

হৃদয়ের রেকর্ডভাঙা ইনিংসে দ্বিতীয় চার দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৮৬ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’। সফরকারী পায় ১৭৪ রানের লিড। কারণ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল টস হেরে আগে ব্যাটিং পেয়ে ৫১২ রানে গুটিয়ে গেছে। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকেরা বিনা উইকেটে ১৮ রান করার পরই ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ড্র হলেও সিরিজটা দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেরই থাকল। বাংলাদেশকে তারা প্রথম চার দিনের ম্যাচে ইনিংস ও ৪১৩ রানে হারিয়েছিল।