হোম > খেলা > ক্রিকেট

‘বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য সহজ হবে না’

ক্রীড়া ডেস্ক    

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে পরশু। ছবি: বিসিবি

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহও পেরোয়নি। এরই মধ্যে বাংলাদেশকে খেলতে হবে আরও এক সিরিজে। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের এবারের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। যে দক্ষিণ আফ্রিকাকে তাদের কন্ডিশনে হারাতে রীতিমতো প্রতিপক্ষ দলগুলোর ঘাম ছুটে যায়। বাংলাদেশের ব্যাটিং বিশেষজ্ঞ ডেল বেনকেনস্টাইনের মতে, এই সিরিজ তেমন একটা সহজ হবে না।

কদিন আগে দক্ষিণ আফ্রিকা সফরে এসে অস্ট্রেলিয়া ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হেরে গেছে। এই সিরিজ জিতে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে প্রোটিয়ারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় অবস্থান করছে দুইয়ে। তারচেয়ে বড় কথা প্রোটিয়া পেসারদের আগুনে বোলিং। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে মার্কো ইয়ানসেন নিয়েছেন ১৩ উইকেট। দুই পেসার ভিয়ান মুলডার ও কাগিসো রাবাদা ১০টি করে উইকেট নিয়েছেন। অ্যানরিখ নরকিয়া পেয়েছেন ৫ উইকেট। আর মুলডারের সেঞ্চুরিও রয়েছে। ইয়ানসেনও দুর্দান্ত ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।

নরকিয়া বাংলাদেশ সিরিজের প্রথম টেস্টে না থাকলেও দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণকে খাটো করে দেখার সুযোগ নেই। ইয়ানসেন-মুলডার-রাবাদার পাশাপাশি ডেন প্যাটারসন-করবিন বশের মতো পেসাররাও আছেন। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় বেনকেনস্টাইন বলেন, ‘যেমনটা আমরা সবাই জানি, বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলা সহজ হবে না। তবে আমি মনে করি, তারা (ক্রিকেটার) এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এবং আমি সেটার অপেক্ষায় আছি।’

সবশেষ আগস্টে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ের পর জিততেই ভুলে গেছে বাংলাদেশ। তিন সংস্করণ মিলে সাত ম্যাচ খেলে বাংলাদেশ একটাতেও জিততে পারেনি। বোলাররা ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় একের পর এক ম্যাচ হেরেছে তারা। তবে বেনকেনস্টাইনের অনুপ্রেরণা আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়। তিনি ৯ নভেম্বর নিয়োগ পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ ওয়ানডে খেলায় প্রোটিয়া কন্ডিশন সম্পর্কে তাঁর ধারণা রয়েছে।

২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল। ছবি: ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই শান্তদের অনুপ্রেরণা দিতে ডারউইনের ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করেছেন বেনকেনস্টাইন। বাংলাদেশের ব্যাটিং বিশেষজ্ঞ বলেন, ‘আমি মনে করি, তারা অস্ট্রেলিয়ার দুর্দান্ত একটি সফর শেষ করে এসেছে। সেখানের (অস্ট্রেলিয়া) পরিস্থিতি দক্ষিণ আফ্রিকার মতোই। আমার মতে, তাদের এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারার ব্যাপারে অনেক আত্মবিশ্বাস রয়েছে। তাই এখন পর্যন্ত সবকিছু খুব ভালো হয়েছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্ট ড্র করলেও ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ হেরেছে ১-০ ব্যবধানে। যেহেতু দক্ষিণ আফ্রিকা সফর টেস্ট দিয়েই করবে, সেটা শান্ত-মিরাজদের জন্য উপকারী হবে বলে মনে করেন বেনকেনস্টাইন। বিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভালো দিক হলো তারা সরাসরি টেস্ট ক্রিকেট থেকে এসেছে। তারা এখন পর্যন্ত যতটুকু পরিশ্রম করেছে, আমি যা দেখেছি, তাতে তাদের ব্যাটিং লাইনআপ প্রতিভাবান মনে হচ্ছে। টেকনিক্যালি খুবই চমৎকার। তবে যেমনটা আমি বললাম, আসল পরীক্ষা হবে আমরা কীভাবে এই অবস্থার সঙ্গে কত দ্রুত মানিয়ে নিতে পারি।’

১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের ভেন্যু সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্ক। ২৩ নভেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। এই টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।