ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাসের মতো। এখনো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ টের পাওয়া যাচ্ছে। প্রিয় দলের খেলা দেখতে ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমন মুহূর্তেই মিলেছে এক দুঃসংবাদ। যে স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান, সেই স্টেডিয়ামে এক দর্শকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে ফুটবল বিশ্বকে।
মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে মেক্সিকো-পর্তুগাল। এই ম্যাচ শুরুর আগ মুহূর্তে এক দর্শক মারা গেছেন বলে জানা গেছে। মেক্সিকো সিটি পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে বলেছে,‘মেক্সিকো সিটি পাবলিক প্রসিকিউটর অফিস (ফিসকালিয়া সিডিএমএক্স) মেক্সিকোর প্রীতি ম্যাচ শুরুর পূর্বে গতকাল বানর্তে স্টেডিয়ামের ভেতরে একজনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। অ্যাটর্নি জেনারেল অফিসের কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞ এবং তদন্তকারী পুলিশের কর্মকর্তারা প্রয়োজনীয় তদন্ত শুরু করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে ও অপরাধবিজ্ঞান, ফটোগ্রাফি ও ফরেনসিক মেডিসিনে বিশেষজ্ঞগণ প্রমাণ সংগ্রহ করেন।’
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তিনি স্টেডিয়ামের বাইরের ঝুলে দ্বিতীয় তলা থেকে প্রথম তলায় লাফ দেওয়ার চেষ্টা করছিলেন। তখনই নিচে পড়ে মারা যান। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত কার্যক্রম এখনো চলছে। মৃত্যুর কারণ এবং পড়ে যাওয়ার সময় তিনি কী অবস্থায় ছিলেন, সেটার জন্য পোস্ট-মর্টেম করা হচ্ছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে পরে বিস্তারিত জানাবে মেক্সিকো সিটি পাবলিক প্রসিকিউটর অফিস।
২০২৪ সালের মে মাস থেকে সংস্কার কাজের জন্য বন্ধ ছিল আজতেকা স্টেডিয়াম। প্রায় দুই বছর বন্ধ থাকার পর আজই স্টেডিয়ামটি খুলে দেওয়া হয়। সংস্কার শেষে এর নাম দেওয়া হয়েছে বানোর্তে স্টেডিয়াম। নতুন করে উদ্বোধনের পরই দর্শকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
পর্তুগাল-মেক্সিকো প্রীতি ম্যাচ শুরুর আগে যে দর্শকের মৃত্যু হয়েছে, তা অধিকাংশ ভক্ত-সমর্থক জানতেন না। এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ১১ জুন বানোর্তে স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। ১৯ জুলাই ফাইনাল হবে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।