হোম > খেলা > ক্রিকেট

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’

ক্রীড়া ডেস্ক    

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ভারতের বিপক্ষে এটাই পাকিস্তানের একমাত্র জয়। ছবি: ক্রিকইনফো

ভারত জিতবে, পাকিস্তান হারবে—বিশ্বকাপে এশিয়ার এই দুই দল মুখোমুখি হওয়ার আগেই যেন ফল একরকম অনুমিত। তা-ও ম্যাচের ফল এতটা একপেশে হয় যে এশিয়ার এই দুই দলের ম্যাচ শুধু এখন নামেই চলে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপও তার ব্যতিক্রম হয়নি। ভারতের কাছে একের পর এক হারে যখন সমালোচনায় বিদ্ধ পাকিস্তান, তখন একহাত নিলেন শাদাব খান।

ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলে এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। যার মধ্যে ১৬ বারই জিতেছে ভারত। সর্বশেষ এই সপ্তাহের রোববার কলম্বোর প্রেমাদাসায় পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। রাজনৈতিক বৈরিতায় দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ যখন হয় না, তখন আইসিসি ইভেন্টে এমন একতরফা লড়াইয়ে ভক্ত-সমর্থকেরা তো হতাশ। এমনকি পাকিস্তান দলের দিকে ধেয়ে আসে একের পর এক সমালোচনার তির।

ভারতের বিপক্ষে যেদিন পাকিস্তান বাজে খেলছিল, সে সময়ই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম, শাদাব খানকে বাদ দেওয়ার কথা বলেছিলেন মোহাম্মদ ইউসুফ। একই দাবি তোলেন শহীদ আফ্রিদিও। শাদাব বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইউসুফ-আফ্রিদিদের ধুয়ে দিয়েছেন। শাদাব বলেন, ‘বিশ্বকাপে আমরা ভারতকে মাত্র একবারই হারিয়েছি। ২০২১ বিশ্বকাপে ভারতকে হারিয়েছিলাম আমরা। হ্যাঁ, তাঁরা (শহীদ আফ্রিদি-মোহাম্মদ ইউসুফ) কিংবদন্তি; কিন্তু ভারতের বিপক্ষে বিশ্বকাপে বিশেষ কিছু করতে পারেননি।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মতামতের ওপর পূর্ণ শ্রদ্ধা রয়েছে শাদাবের। একই সঙ্গে পাকিস্তানের ২৭ বছর বয়সী এই ক্রিকেটার বারবার মনে করিয়ে দিয়েছেন, আফ্রিদি-ইউসুফদের সময় ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। স্থানীয় এক সংবাদমাধ্যমে শাদাব বলেন, ‘সমালোচনার ব্যাপার তো আমাদের হাতে নেই। সাবেক ক্রিকেটারদের নিজস্ব মত আছে। তাঁরা পাকিস্তানের জন্য দারুণ কিছু করেছেন। কিন্তু দিন শেষে তাঁরা কেউই বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় পাননি।’

প্রেমাদাসায় এই সপ্তাহের রোববার টস হেরে আগে ব্যাটিং পেয়ে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল। ইশান কিশানের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছিল পুরো পাকিস্তান। শাদাব খান ১ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। তাঁকে দিয়ে আর বাড়তি বোলিং করানোর সাহস করেননি অধিনায়ক সালমান আলী আগা।

শাদাবের মতে, টি-টোয়েন্টিতে একটা বাজে দিনই পুরো ম্যাচের দৃশ্যপট বদলে দেয়। ২৭ বছর বয়সী পাকিস্তানের লেগস্পিনার বলেন, ‘আমি সেটাকে (বাজে পারফরম্যান্স) সঠিক বলছি না। আমার হাতে যা আছে, সেটাই শুধু নিয়ন্ত্রণ করতে পারি। একটা বাজে দিন বা একটা বাজে ওভার হতেই পারে। টি-টোয়েন্টিতে আপনি রান দেবেন, আবার উইকেটও পাবেন। এটা নিয়ে আমি বেশি কিছু ভাবতে চাই না।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) গতকাল নামিবিয়ার বিপক্ষে ১০২ রানের জয়ে এবারের বিশ্বকাপের অষ্টম দল হিসেবে পাকিস্তান সুপার এইটের টিকিট কেটেছে। পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান ৫৮ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন। শাদাব এই ম্যাচে ৪ ওভারে ১৯ রানে নিয়েছেন ৩ উইকেট।

‘সবাই আন্ডারডগের গল্পই ভালোবাসে’

বিশ্বকাপে ভরাডুবিতে অজি ক্রিকেটারদের পারফরম্যান্সের ময়নাতদন্তের ঘোষণা

শ্রীলঙ্কাকে হারিয়ে ১৬ বছরের অপেক্ষা ফুরাল জিম্বাবুয়ের

আন্তবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্টে চ্যাম্পিয়ন আইইউবি

১৬ বছরে যা পারেনি, জিম্বাবুয়ে আজ কি সেটা করতে পারবে

‘আমি কারও হাতের পুতুল নই’, বিস্ফোরক বাংলাদেশ কোচ

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

বিশ্বকাপে ভরাডুবির পর অলিম্পিক নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বিসিবির কাছ থেকে কোটি টাকা বুঝে পেলেন নাঈম শেখ

ভারত-দক্ষিণ আফ্রিকার পর এবার ওয়েস্ট ইন্ডিজও