হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বর্জনে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি

ক্রীড়া ডেস্ক    

ভারত-পাকিস্তান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে আইসিসি। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বড্ড চাপে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের বিপক্ষে সরকারিভাবে বিশ্বকাপের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জরুরি বৈঠক ডেকেছে।

সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। বিশ্বকাপ ইস্যুতে ৩ ফেব্রুয়ারি সমাধান দেওয়ার কথা থাকলেও গতকাল ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের আংশিক বিশ্বকাপ বর্জনের পর ভারত ও পাকিস্তানের সংবাদমাধ্যমে আইসিসির জরুরি বৈঠক নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, পাকিস্তানের ভারত-ম্যাচ বর্জন ইস্যুতে আইসিসি একটি সভা করতে যাচ্ছে। আগামীকাল অথবা পরশু আইসিসির একটি বোর্ড মিটিং হতে পারে।

ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়ার খবর গতকাল ছড়িয়ে পড়লেও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে পিসিবি কিছু জানায়নি বলে দাবি ভারতের দৈনিক জাগরণের। যদিও পাকিস্তানের একটি সূত্র দাবি করছে, আজই আইসিসিকে সরকারি সিদ্ধান্ত জানিয়ে পিসিবির মেইল করার কথা। সে ক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত আইসিসি নিতে পারে বলে শোনা গেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারেও ভারত-ম্যাচ বর্জন ইস্যুতে আইসিসির জরুরি সভার কথা বলা হয়েছে।

পাকিস্তান সরকারের ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে বড় চিন্তায় পড়ে গেছে আইসিসি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের কয়েক ঘণ্টা পর আইসিসি এক বিজ্ঞপ্তিতে লিখেছে, ‘আইসিসি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। এ ধরনের অংশগ্রহণের অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়; যেখানে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশ নেবে বলে প্রত্যাশা করা হয়।’ পিসিবি তাদের সিদ্ধান্ত বদলে ভারতের সঙ্গে খেলবে বলে এখনো আশা করছে আইসিসি।

বিশ্বকাপ শুরু হতে যখন এক সপ্তাহও বাকি নেই, তখন ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ায় মহা দুশ্চিন্তায় আইসিসি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের বাজারমূল্য ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা ৬ হাজার ১৫০ কোটি ২১ লাখ টাকা। ভারত-পাকিস্তান ম্যাচের ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য আইসিসির ক্ষতি হবে ৫৪ লাখ টাকা। সম্প্রচারকারী প্রতিষ্ঠানেরও ৪০৩ কোটি টাকার লোকসান হবে। এমনকি বিসিসিআই, পিসিবি দুই বোর্ডেরই ২৬৯ কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। ডিজিটাল মার্কেটিং খাতেও যে কোটি কোটি টাকা লোকসান হবে, সেটা না বললেও চলছে।

ভারত-ম্যাচ বর্জন করায় পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি কড়া ব্যবস্থা নেবে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দলটির পয়েন্ট কেটে নেওয়া হতে পারে। পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করতে পারে বড় দলগুলো। এ ছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অনাপত্তিপত্রের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আসতে পারে। একই খবর জানিয়েছে ক্রিকবাজ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এশিয়া কাপ থেকে বাদ পড়তে পারে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।

চোটে পড়া ক্রিকেটারকে নিয়েই শ্রীলঙ্কার বিশ্বকাপের চূড়ান্ত দল

জাহানারার যৌন নিপীড়নের তদন্ত প্রতিবেদন অবশেষে বিসিবিতে

সাকিবের প্রতি নমনীয় আচরণের আশ্বাস বিএনপি প্রার্থী আমিনুলের

অথচ বিপিএলে খেলা নিয়েই সন্দিহান ছিলেন মাহমুদউল্লাহ

ভারত-পাকিস্তান ইস্যু টেনে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান আফ্রিদির

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচগুলো দেখাবে কারা, জানাল আইসিসি

বিশ্বকাপের ম্যাচ পাকিস্তান বয়কট করায় ভারত কী বলছে

নেপালে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা

ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে কেমন শাস্তি পাবে পাকিস্তান

ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে