পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর ‘লাইমলাইটে’ এখন নাহিদ রানা। গতির ঝড়ের পাশাপাশি বাউন্সার, লেংথ পরিবর্তন করে ঘায়েল করেছেন পাকিস্তানকে। ম্যাচ শেষে পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন প্রশংসায় ভাসান এই ক্রিকেটারকে। রানাকে নিয়ে পোস্ট করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাও (আইসিসি)।
আজ রানাকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ক্যাপশনে লিখেছে, ‘নাহিদ রানা উচ্চ গতিতে বোলিং করতে পারেন।’ রানাকে নিয়ে পোস্ট করা ভিডিওটি মূলত ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের। রাওয়ালপিন্ডিতে সেবার নাহিদ রানার পেসে পরাস্ত হয়ে উইকেট হারিয়েছিলেন কেইন উইলিয়ামসন। ক্যাচ ধরার পর উইকেটরক্ষক মুশফিকুর রহিমসহ সতীর্থরা রানাকে অভিনন্দন জানিয়েছিলেন। উইলিয়ামসনের উইকেট নিতে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন রানা।
রানাকে নিয়ে আইসিসি ভিডিও পোস্ট করেছে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫২ মিনিটে। পোস্ট দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই প্রতিক্রিয়া ৩১ হাজার ছাড়িয়েছে। ভিডিওটি দেখেছেন ২৫ লক্ষ দর্শক। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন। কেউ তাঁকে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলে সম্বোধন করেছেন। ফলোয়ারের ঘাটতি পুষিয়ে নিতেই কি আইসিসি এখন বাংলাদেশের ক্রিকেটার নিয়ে পোস্ট দিচ্ছে—এমন শ্লেষাত্মক মন্তব্যও করেছেন অনেকে।
পাকিস্তানের বিপক্ষে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের বিশাল জয়ে ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা। ৭ ওভারে ২৪ রানে নিয়েছেন ৫ উইকেট। ক্রিকেট বিশ্বে যেমন শোয়েব আখতারকে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’, মাশরাফি বিন মর্তুজাকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামে ডাকা হয়, রানাকেও কি ‘চাঁপাই এক্সপ্রেস’ নামে ডাকা যায়? গতকাল সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন দেখার পর রানার মুখে দেখা গেছে এক চিলতে হাসি। উত্তরে তিনি বলেন, ‘আমি নিজেকে কোনো ব্র্যান্ডিং মনে করি না। নিজেকে সাধারণ মানুষ মনে করি। চেষ্টা করি কীভাবে ভালো পারফর্ম করতে পারব।’
রানা গতকাল ঘণ্টায় সর্বোচ্চ ১৪৮.৩ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। পাশাপাশি ছিল বাউন্সারও। সাহিবজাদা ফারহান, শামাইল হোসাইন, মাজ সাদাকাত, সালমান আলী আগা—এই চার ব্যাটারকে শর্ট বলে আউট করেছেন রানা। আর মোহাম্মদ রিজওয়ানকে লাগাতার শর্ট বলের পর লেংথটাকে পরিবর্তন করে উইকেট পেয়েছেন। রানাকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরও।
মিরপুরে গতকাল ৮ উইকেটে জিতে আট বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে জয় পেল বাংলাদেশ। এর আগে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ২০১৮ এশিয়া কাপে পাকিস্তানকে ৩৭ রানে হারিয়েছিল বাংলাদেশ। মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অপর দুই ওয়ানডে হবে আগামীকাল ও রোববার।