হোম > খেলা > ফুটবল

টানা তৃতীয়বার বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতায় কাঁদছে ইতালি

ক্রীড়া ডেস্ক    

এবারও বিশ্বকাপে খেলা হলো না ইতালির। ছবি: এএফপি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির বিশ্বকাপে খেলাটাই এখন ‘মিরাকল’। ২০১৪ ফুটবল বিশ্বকাপের পর এই নিয়ে টানা তিন বার বিশ্বকাপে খেলা হলো না ইউরোপের এই দলটির। বসনিয়া এন্ড হার্জেগোভিনার কাছে হেরে এবারও স্বপ্নভঙ্গ হলো ইতালির।

১২ বছর পর বিশ্বকাপে উঠতে হলে আর কেবল একটি জয় দরকার ছিল ইতালির। জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে গত রাতে প্লে-অফ ফাইনালে ৪২ মিনিটে আলেহান্দ্রো বাস্তোনিকে হারিয়ে ১০ জনের দলে পরিণত হয় ইতালি। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করার পর তাদের কাছে বিশ্বকাপে ওঠা কেবল সময়ের ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু শেষ ১১ মিনিট থেকেই ঘুরে যেতে থাকে সবকিছু। ৮০ মিনিটে হারিস তাবাকোভিচের গোলে বসনিয়া সমতায় ফেরার পর ট্রাইব্রেকারে ৪-১ গোলে জিতে যায় দলটি।

বিশ্বকাপের টিকিট কাটার পর বসনিয়ার ডাগআউটে উল্লাস থাকলেও বিপরীত চিত্র ইতালির। কারও মাথায় হাত, কেউবা অঝোরে কাঁদতে শুরু করলেন। শিষ্যদের এই দুঃখ ছুঁয়ে গেছে কোচ জেনারো গাত্তুসোকেও। ২০২৬ বিশ্বকাপে উঠতে না পারার ব্যর্থতায় ইতালির কোচ বলেন, ‘খুব কষ্ট হচ্ছে। সত্যিই খুব কষ্ট হচ্ছে। আমার নিজের কষ্টের চেয়েও বেশি কষ্ট হচ্ছে এই দলটাকে দেখে যারা এই কয়েক মাসে সত্যিই সবকিছু উজাড় করে দিয়েছে। এটা আরেকটা বড় ধাক্কা। যদিও এবার আমরা এর যোগ্য ছিলাম না।’

২০২৫ সালের জুনে লুসিয়ানো স্পালেত্তিকে বরখাস্ত করার পর ইতালির কোচের পদে বসেন গাত্তুসো। বর্তমানে তাঁর (গাত্তুসো) চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। যদি ইতালি বিশ্বকাপে উঠত, তাহলে তাঁর মেয়াদ বাড়ানো হতো ২০২৮ সাল পর্যন্ত। নিজের ভবিষ্যতের চেয়েও গাত্তুসোর খারাপ লাগছে শিষ্যদের কথা ভেবে। যাঁরা এত কাছাকাছি গিয়েও উঠতে না পারার ব্যর্থতায় অঝোরে কাঁদছেন। ইতালির কোচ বলেন, ‘এখানে আমাদের ইতালির কথা বলা উচিত। জাতীয় দলের জার্সির কথা বলা উচিত। আমরা আরও বেশি পাওয়ার যোগ্য ছিলাম। আর সে কারণেই আমার ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ নয়।’

তুরস্কের ২৪ বছরের অপেক্ষার অবসান

২৪ বছর পর বিশ্বকাপের টিকিট কাটল তুরস্ক। প্রিস্টিনায় প্লে-অফ ফাইনালে কসোভোকে ১-০ গোলে হারিয়েছে তুরস্ক। ম্যাচের একমাত্র গোল ৫৪ মিনিটে করেন তুর্কি স্ট্রাইকার কেরেম আকতারকোগ্লু। ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রকে পেল তুরস্ক। সবশেষ জাপান-দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ফুটবল বিশ্বকাপ খেলেছিল তুরস্ক। সেবার তারা হয়েছিল তৃতীয়।

ইতালির মতো পরিণতি হয়েছিল আর্জেন্টিনা-ইংল্যান্ডেরও

ভারত কি পেয়ে গেল তাদের হামজা

মেয়েদের বিশ্বকাপের পরই আইসিসির বার্ষিক সম্মেলন

৪০ বছর পর বিশ্বকাপে ইরাক, ৪৮ দলের কারা কোন গ্রুপে

সেই ইতালি কোথায় হারাল

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল, তাহলে দেখবেন কোথায়

নেপালের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই

আজ আরও এক ইতিহাসের সামনে বাংলাদেশের মেয়েরা

কোনো আফসোস নেই হামজার

শেষ মুহূর্তের ম্যাজিকে জিতল ব্রাজিল, ৫-০ গোলের জয় আর্জেন্টিনার