হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ভরাডুবিতে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডসের কী ‘উপকার’ হলো

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের মতো যুক্তরাষ্ট্রেরও সুপার এইটে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। ছবি: ক্রিকইনফো

শুধু একমাত্র বৃষ্টিই গতকাল একসঙ্গে সুপার এইটে নিতে পারত ভারত-পাকিস্তানকে। আবহাওয়ার পূর্বাভাসে তুমুল বৃষ্টিপাত ও বজ্রঝড়ের আশঙ্কা ছিল। মনে হচ্ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ হয়তো ভাসিয়ে নেবে বৃষ্টি। কিন্তু কলম্বোর প্রেমাদাসায় বৃষ্টির ছিটেফোঁটাও ছিল না। হেসেখেলে পাকিস্তানকে হারিয়ে সুপার এইটের টিকিট কেটেছে ভারত।

গতকাল চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নামিবিয়াকে ৩১ রানে হারায় যুক্তরাষ্ট্র। তাতে ‘এ’ গ্রুপের প্রথম দল হিসেবে নামিবিয়ার বিদায়ঘণ্টা বেজে যায় এবং ৪ ম্যাচে দুটি করে জয় ও হারে ৪ পয়েন্ট পায় যুক্তরাষ্ট্র। আর ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর আগেই তাদের উভয়েরই ছিল ৪ পয়েন্ট। জিতলেই সুপার এইট—এই সমীকরণে খেলতে নেমে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। যুক্তরাষ্ট্র-পাকিস্তান দুই দলের পয়েন্ট ৪ হলেও নেট রানরেটের কারণে এগিয়ে যুক্তরাষ্ট্র। দুই ও তিনে থাকা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের নেট রানরেট ‍+০.৭৮৮ ও -০.৪০৩।

পাকিস্তানের বাজে হারে সুপার এইটে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে নেদারল্যান্ডসেরও। বর্তমানে ডাচদের নেট রানরেট -১.৩৫২। তাদের ম্যাচ বাকি ভারতের বিপক্ষে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ভারত-নেদারল্যান্ডস। যদি ১২০ রানে ডাচরা এই ম্যাচ জেতে, তাহলে তাদের নেট রানরেট হবে ‍+০.৫০৮। পাকিস্তান-যুক্তরাষ্ট্রের সমান ৪ পয়েন্ট হলেও নেট রানরেটের হিসেবে দুইয়ে উঠবে ডাচরা। কিন্তু ঘটনা যে এখানেই শেষ নয়। একই দিন বিকেলে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) হবে পাকিস্তান-নামিবিয়া ম্যাচ। নেদারল্যান্ডসের মতো যুক্তরাষ্ট্রও এই ম্যাচের (পাকিস্তান-নামিবিয়া) দিকে তাকিয়ে। যদি নামিবিয়া অঘটন ঘটায়, তাহলে পাকিস্তানের বিদায়ঘণ্টা বেজে যাবে।

বৈশ্বিক ইভেন্টে তুলনামূলক দুর্বল দলের কাছে পাকিস্তানের হারের ইতিহাস রয়েছে। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ড, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র—পাকিস্তান চাইলেও এই দুই ম্যাচের স্মৃতি ভুলতে পারবে না। তবে এবার নামিবিয়া তিন ম্যাচের তিনটিতেই বাজেভাবে হেরেছে। -২.৪৪৩ নেট রানরেটই তার প্রমাণ।

তর্কসাপেক্ষে ধরে নেওয়া যেতেই পারে যে পাকিস্তানকে হারিয়ে দেবে নামিবিয়া। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুপার এইটে ওঠার সম্ভাবনা বেশি। কারণ, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের হট ফেবারিট ভারতের বিপক্ষে নেদারল্যান্ডসের ১২০ রানের জয় কেবল কাগজে-কলমেই সম্ভব। সুপার এইটে না উঠতে পারলেও বাস্তবতার নিরিখে ভারতকে হারানো ডাচদের জন্য অসম্ভব।

ভারতের কাছে ভরাডুবির পর নামিবিয়ার বিপক্ষে ম্যাচটা পাকিস্তানের জন্য ‘ডু-অর-ডাই’ ম্যাচ। গতকাল প্রেমাদাসায় ৬১ রানে হারের পর পাকিস্তান অধিনায়ক সালমান আলী আঘা তাই চিন্তিত হয়ে পড়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুই দিনের মধ্যে আমাদের একটা ম্যাচ আছে। ম্যাচটি জিতে পরের রাউন্ডে (সুপার এইট) ওঠার যোগ্যতা অর্জন করতে হবে।’

আবহাওয়ার পূর্বাভাসে পরশু কলম্বোতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। যদি পাকিস্তান-নামিবিয়া ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে ৫। তাতে সালমানের দল উঠে যাবে সুপার এইটে উঠে যাবে। নামিবিয়া ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে।

‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকা

পয়েন্ট নেট রানরেট ম্যাচ

ভারত ৬ ‍+৩.০৫০ ৩

যুক্তরাষ্ট্র ৪ ‍+০.৭৮৮ ৪

পাকিস্তান ৪ -০.৪০৩ ৩

নেদারল্যান্ডস ২ ‍-১.৩৫২ ৩

নামিবিয়া ০ -২.৪৪৩ ৩

প্রধান নির্বাচক পদে লিপু কি আর থাকছেন

ভারতের চতুর্থ সারির দলের কাছে হারবে পাকিস্তান, মনে করেন সাবেক ভারতীয় ওপেনার

পরিবারের কাছে যেতেই পারি, অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাখ্যায় বিসিবি সভাপতি

ইংল্যান্ডকে কাঁপিয়ে তবেই হারল ইতালি

‘ভারত-পাকিস্তানের পার্থক্য আকাশ-পাতাল’

বাংলাদেশ ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ নিয়ে কী বললেন নান্নু

‘পাকিস্তান ক্রিকেট ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় এটি’

নাটকীয় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

বিপদ কাটাতে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে স্টিভ স্মিথ

অস্ট্রেলিয়ায় পরিবারের কাছে গেছেন বিসিবি সভাপতি