হোম > খেলা > ফুটবল

জোড়া লাল কার্ডের ম্যাচে ভারতকে রুখে দিল বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভারত ম্যাচ যেমন প্রত্যাশা করা হয়েছিল তেমনই হয়েছে। উত্তেজনা, রোমাঞ্চ, বিতর্ক— প্রথমার্ধে এমন কিছু নেই যার দেখা মেলেনি। দ্বিতীয়ার্ধেও ব্যতিক্রম কিছু ছিল। তবু আলাদা করা যায়নি দুই দলকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ।

মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে লড়াইটা ছিল আজ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। পাকিস্তানকে হারিয়ে দুই দল সেমিফাইনাল নিশ্চিত করেছে আগেই। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশের জয়ের বিকল্প ছিল না।

১৭ মিনিটে কর্নার থেকে বিশাল যাদবের হেডে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে। কিন্তু কিছুতেই দুইয়ে দুইয়ে চার হচ্ছিল না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু।

বেশ কয়েকবার মাঠের ভেতর তর্ক দেখা গেলেও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সেই উত্তাপ ছড়িয়ে পড়ে ডাগআউটে। এক ফাউলকে কেন্দ্র করে চতুর্থ রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখেন ভারতীয় হেড কোচ মহেশ গাউলি। তবে এখানেই থামেনি তা। ভারতের গোলকিপিং কোচ সন্দীপ নন্দীর সঙ্গে তর্কে লিপ্ত থাকেন বাংলাদেশ কোচ মার্ক কক্স। রেফারি দুজনকে লাল কার্ড দেখাতে কোনো দ্বিধা বোধ করেননি।

যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত ভলিতে জাল কাঁপান রিয়াদ ফাহিম।

বিরতির পর গোল না হলেও আক্রমণ প্রতিআক্রমণ ছিল বেশ। ৬৩তম মিনিটে নিশ্চিত গোলের হাত থেকে বাংলাদেশকে বাঁচালেন গোলকিপার ইসমাইল হোসেন। ভারতের ওমাং দোদুম দুই ডিফেন্ডারকে ছিটকে দিয়ে শট নেওয়ার ঠিক আগমুহূর্তে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল কর্নার করে দেন ইসমাইল।

খেলার উত্তেজনার পারদ আরও বাড়ে যখন বক্সের ঠিক বাইরে স্যামসনকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফাহিম। তবে দোদুমের নেওয়া ফ্রি-কিক রক্ষণের দেয়ালে লেগে বাইরে চলে গেলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশ কিছু আক্রমণ করলেও কাজে লাগাতে পারেনি।

এই ড্রয়ে গ্রুপ রানার্সআপ হয়েই সেমিফাইনালে উঠল বাংলাদেশ। ১ এপ্রিল সেমিফাইনালে খেলতে হবে নেপালের বিপক্ষে।

আইপিএল সম্প্রচারের সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

কোচের লাল কার্ড বিতর্কের পর বাংলাদেশের সমতা

দুই ইংলিশ ক্রিকেটারের আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ কী

পিএসএল অভিষেক রাঙাতে পারেননি শরীফুল

সুইডেনের লিগে দল পেলেন সাকিব

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করায় পাকিস্তানি পেসারকে শোকজ

প্রথম ধাপে সরকারি বেতন পাচ্ছেন ১২৯ ক্রীড়াবিদ

আইপিএল দেখাবে না টি-স্পোর্টস, দেখবেন কীভাবে

‘ভাগ্যিস ফিনালিসিমা বাতিল হয়েছিল, না হলে আমরা হেরে যেতাম’

বন্ধুর গাড়ি দুর্ঘটনায় মন ভালো নেই ট্রাম্পের