হোম > খেলা > ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচ এবার রোমাঞ্চকর হবে তো

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে কেবল একবার হারাতে পেরেছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

বিশ্বকাপ, সে যে সংস্করণেই হোক না কেন, ভারতের বিপক্ষে লড়াই মানেই পাকিস্তানের হার! ২০২১ বিশ্বকাপের লড়াইটা ছিল শুধু ব্যতিক্রম। ইতিহাসের ধারা উল্টে দুবাইয়ের সেই ম্যাচ পাকিস্তান হারিয়ে দিয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের। ওই ম্যাচের আগে তো নয়ই, পরেও কি ওয়ানডে, কি টি-টোয়েন্টি—কোনো সংস্করণের বিশ্বকাপেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের ৮ সাক্ষাতের ৭টিতে জয়ী ভারত।

ভারতের এমন একপেশে দাপটের রেকর্ড থাকার পরও বৈশ্বিক ইভেন্টে তাদের বিপক্ষে পাকিস্তানের লড়াই ক্রিকেট দর্শকদের কাছে হয়ে যায় ‘হট কেক’। কাজকর্ম ফেলে দুই দেশের অনেক ক্রিকেটপ্রেমী ম্যাচ দেখার সময় বের করে নেন। উড়ে গিয়ে ম্যাচের ভেন্যুতে ভিড় করেন দুই দেশের সেলিব্রিটিরা। সাধারণ দর্শকদের কাছে সেটি ‘দেখতেই হবে’ ম্যাচের মর্যাদা পেয়ে যায়।

এবারও কি ব্যতিক্রম! কলম্বোর প্রেমাদাসায় আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। এর দুই দিন আগে আইসিসি জানিয়ে দিয়েছে ম্যাচটির সব টিকিট ‘সোল্ড আউট’। শ্রীলঙ্কা থেকে বিভিন্ন সংবাদ সংস্থার তথ্য, টিকিট পাওয়া যাচ্ছে কালোবাজারে, কিন্তু দাম চার গুণের বেশি!

দুই দেশের রাজনৈতিক ও সামরিক বৈরিতাই ক্রিকেট মাঠে দুই দলের লড়াইয়ে অন্য মাত্রা যোগ করে। দেশের মানুষের চাওয়ার সঙ্গে একাত্মতা জানিয়ে ক্রিকেটাররাও খুব করে জিততে চান ম্যাচ। চাওয়ার তীব্রতার কারণেই দুই দলের ম্যাচ ব্যাট আর বলের লড়াই ছাপিয়ে রূপ নেয় মর্যাদা আর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে, স্নায়ুক্ষয়ী যুদ্ধে।

যে ‘যুদ্ধ’ শুরুর আগেই এখন ভূলুণ্ঠিত হয় ক্রিকেটীয় চেতনা! ভদ্রলোকের খেলাটার নিয়ম মেনে লড়াই শুরুর আগে আগের মতো আর পরস্পরের সঙ্গে হাত মেলান না দুই দলের ক্রিকেটাররা। গত এশিয়া কাপে তিনবার দুই দল মুখোমুখি হলেও একবারও হাত মেলাননি। এবারও কি এমনটি দেখা যাবে? ঠিক এই প্রশ্নই গতকাল সংবাদ সম্মেলনে করা হয়েছিল দুই অধিনায়ককে। পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা এই প্রশ্নে বল ঠেলে দিয়েছেন প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের দিকে, ‘এটি (হ্যান্ডশেক) নিয়ে ওরাই সিদ্ধান্ত নিক।’ আর একই প্রশ্নে রহস্য রেখে দিয়ে সূর্যকুমারের উত্তর, ‘২৪টা ঘণ্টা অপেক্ষা করুন, টসের সময়ই দেখা যাবে।’

মাঠে নামার আগে ম্যাচ নিয়েও কথা বলেছেন দুই অধিনায়ক। ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার ইস্যুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। পরে অবশ্য সে সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে সালমান বললেন, ‘এটি খুব বড় ম্যাচ এবং এর গুরুত্বও অনেক বেশি। সিদ্ধান্ত যা-ই হোক, আমরা সব সময়ই প্রস্তুত ছিলাম।’ নিজেদের ফর্ম নিয়ে বললেন, ‘আমরা ভালো ছন্দে আছি। শুরু থেকে কলম্বোতে থাকায় কন্ডিশনের দিক থেকেও সুবিধা পাব বলে আশা করি।’ তবে ম্যাচ জিততে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তানের মতো ভারতও নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে। তবে ভারতের ব্যাটিং যতটা সাবলীল হওয়ার কথা ছিল, তা দুই ম্যাচের একটিতেও দেখা যায়নি। তবে এ নিয়ে চিন্তিত নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব, ‘শুরুটা মসৃণ ছিল না, এটা এড়িয়ে যাওয়ার উপায় নেই। কোনো অজুহাত নেই। সবাই অনেক ক্রিকেট খেলেছে, কঠিন উইকেটে ব্যাটারদের নিজস্ব পরিকল্পনায় থাকতে হয়। আমরা ভালো শুরু করেছিলাম, মাঝখানে একটু ধাক্কা ছিল, তবে পরে সামলে নিয়েছি। এটাই টি-টোয়েন্টির সৌন্দর্য।’

প্রতিপক্ষকে না ভেবে নিজেদের সেরা খেলার দিকে মনোযোগ সূর্যের, ‘ধারাবাহিকতা বজায় রাখতে চাই আমরা। নিজেদের শক্তির দিকেই মনোযোগ দিতে চাই। প্রতিপক্ষ কী করছে সেটা নয়; যে দল ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। এটুকুই গুরুত্বপূর্ণ।’

জ্বর ও পেটের সংক্রমণ নিয়ে সম্প্রতি হাসপাতাল ঘুরে আসা অভিষেক শর্মা আজকের ম্যাচে খেলতে পারেন বলেও জানিয়েছেন ভারত অধিনায়ক। এখন দুই দলের স্কোরলাইন ৭-১ হবে নাকি ৬-২, সেটির আগে তাকাতে হচ্ছে আকাশের দিকেও। আবহাওয়ার পূর্বাভাসে যে বৃষ্টির কথাও আছে।

ক্রিকেটারদের সামাজিক মাধ্যম এড়িয়ে চলতে বলছেন বাংলাদেশের সাবেক কোচ

বিশ্বকাপ ফাইনালেও যদি এই নিয়ম থাকত, নিউজিল্যান্ডের ক্রিকেটারের আফসোস

‘পাকিস্তানি ক্রিকেটারের বোলিং অ্যাকশনকে ভারতীয়রাই অকারণে প্রশ্নবিদ্ধ করছেন’

ভারত-পাকিস্তান ম্যাচে এবার কে জিতবে

মন্ত্রী হওয়ার কোনো প্রস্তাব পাননি তামিম

বয়কট শেষে ফিরেই গোল রোনালদোর, দিলেন ‘বিশেষ বার্তাও’

প্রতিকূলতা ডিঙিয়ে স্বপ্নের আলপনা আঁকছেন আলপি

হ্যাটট্রিক জয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা

ভারতীয়দের আলোচনার কেন্দ্রে পাকিস্তানি স্পিনার

ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর পর্যায়ে ইমরান খান, হৃদয় ভাঙছে ওয়াসিম আকরামের