বগুড়া জেলা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল করা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। ত্যাগী ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের দিয়ে তৃণমূল পুনর্গঠন এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আসন্ন নির্বাচনে একক প্রার্থীকে সমর্থনের বিষয়েও আলোচনা হয়।
বৈঠক সূত্র আরও জানায়, সাম্প্রতিক পরিস্থিতি এবং তেল-গ্যাসসহ জ্বালানি–সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কেউ যাতে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন বিএনপির চেয়ারম্যান।
বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান উপস্থিত ছিলেন।