হোম > রাজনীতি

দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে ব্যবসায়ী সিন্ডিকেট দায়ী: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাবি প্রতিনিধি

এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বক্তব্য দেন। ছবি: আজকের পত্রিকা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে বড় ব্যবসায়ী গোষ্ঠীগুলোর সিন্ডিকেট ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাসীরুদ্দীন।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যা জানার চেষ্টা করেছেন তাঁরা। এ সময় গ্যাসসংকট, এলপিজি সিলিন্ডারের অতিরিক্ত দাম, যানজট, ছিনতাই, ময়লার ভাগাড় ও জলাবদ্ধতার মতো সমস্যার কথা উঠে এসেছে।

নাসীরুদ্দীন আরও বলেন, সরকারি নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার এলপিজি সিলিন্ডার কোথাও ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। গ্যাসসংকটের কারণে অনেককে লাকড়ি দিয়ে রান্না করতে হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গত এক সপ্তাহে এনসিপির নেতারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তাঁদের সমস্যার কথা শুনেছেন। মানুষের বাসায় গ্যাস নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও রাহাজানিতে দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিদ্যুৎ ও গ্যাসসংকটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দলীয়করণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। মানুষের নিরাপত্তা দিতে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশ ভয়াবহ সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাসসংকট এবং এলপিজির অতিরিক্ত দামে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে। ১ হাজার ৮০০ টাকার গ্যাসের সিলিন্ডার ২ হাজার ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে।

আজ বিকেল ৪টার পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে গণবিক্ষোভ সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বাজানো হয় জাতীয় সংগীত। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার। এতে জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলমসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মাহমুদা মিতুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও সমাবেশে অংশ নেন।

দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: পরওয়ার

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রথম সম্মেলন: সভাপতি ফাহিম, সম্পাদক সুজয়

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার, নিরপেক্ষ তদন্ত চান নাহিদ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটকেন্দ্রে যেতে বাধা, আগাম সিল মারাসহ নানা অভিযোগ জামায়াতের

মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জনের সুযোগ নেই: জামায়াত আমির

তাহসিফ সৌরির মৃত্যু: আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার

বোঝা যায় তলেতলে একটা খাতির ছিল: বিএনপি-আওয়ামী লীগকে ইঙ্গিত গোলাম পরওয়ারের

বিদ্যুৎ খাতে লুটপাট ঠেকাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি: রিজভী