জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন।
আজ শনিবার সংগঠনটির প্রথম কাউন্সিল অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হাসিব আল ইসলাম এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকেন্দ্রিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়কদের তালিকায়ও তাঁর নাম ছিল। পরবর্তী সময়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে তাঁকে মুখ্য সংগঠক করা হয়েছিল।
সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌসও গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির আত্মপ্রকাশের সময় প্রকাশিত নেতৃত্বের তালিকায় তাঁর নাম সদস্য হিসেবে ছিল।