হোম > রাজনীতি

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়াকে ‘লজ্জাহীন’ বললেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার ঘটনাকে ‘লজ্জাহীন’ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ছাত্র-শিশু-শ্রমিকসহ সাধারণ মানুষকে হত্যার পর শেখ হাসিনা কীভাবে দেশে ফিরে জনসংবর্ধনা পাওয়ার আশা করেন। তাঁর মধ্যে ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি এসব করতে পারতেন না।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রিজভী। সভার আয়োজন করে জিয়া পরিষদ।

রিজভী বলেন, শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন। এ জন্য তিনি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার পাশাপাশি বিদেশের রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। তাঁর প্রশ্ন, ‘শেখ হাসিনা এখন কেন বিদেশের কাছে ধরনা দিচ্ছেন? আদালত তাঁর নিজস্ব গতিতে চলবে, আইনও তার নিজস্ব গতিতে চলবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা হয়তো জুলাই গণ-অভ্যুত্থানের কথা ভুলে গেছেন, কিন্তু দেশের মানুষ তা ভুলবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধসহ তরুণদের আত্মত্যাগ মানুষ মনে রাখবে। তাঁর অভিযোগ, তৎকালীন ফ্যাসিস্ট সরকার হেলিকপ্টার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল। এতে তরুণ ও শিশুরা প্রাণ হারায়। শহীদদের স্মৃতি ও আত্মত্যাগ মানুষের মনে চিরজাগরূক থাকবে।

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, এই দিনের চেতনা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, জনগণের অধিকার রক্ষা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখতে মানুষকে অনুপ্রাণিত করে।

স্বাধীনতাপরবর্তী রাজনৈতিক পরিস্থিতি স্মরণ করে রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ বিপন্ন পরিস্থিতির মধ্যে ছিল। বিরোধী দলের কণ্ঠরোধ ও সরকারের সমালোচনাকারীদের নির্যাতনের উদ্দেশ্যে রক্ষীবাহিনী গঠন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

ইউপি উন্নয়ন বরাদ্দে সরকার-বিরোধী বৈষম্যের অভিযোগ এনসিপি এমপির

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন একটি কূটচাল: সারোয়ার তুষার

গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক সহনশীলতা জরুরি: রুহুল আমিন হাওলাদার

সংস্কার বাস্তবায়ন: দাবি আদায়ে বৃহত্তর ঐক্য গড়ার চেষ্টায় ১১ দল

জাতীয় নারীশক্তির ঢাকা উত্তর ও দক্ষিণে আংশিক কমিটি অনুমোদন

শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী

তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে—অভিযোগ জামায়াতের

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন

খালেদ মোশাররফ ছিলেন ১৫ আগস্টে ও ৭ নভেম্বরের খলনায়ক: জ্বালানিমন্ত্রী

বিকেলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির শোভাযাত্রা, নয়াপল্টনে নেতা-কর্মীদের ঢল