হোম > রাজনীতি

বিশ্ববিদ্যালয়ে আবার রাজনীতির দাপট তৈরি হচ্ছে: নাহিদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এনসিপিতে নতুনদের যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবার ক্ষমতার রাজনীতির দাপট তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপিতে নতুনদের যোগদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আজ শুক্রবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। এ ছাড়া এদিন দলটিতে যোগ দেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল (ফ্লোরা), কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি ও বাংলাদেশ জনতা পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মাকসুদুর রহমান সোহেল।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশিশক্তির রাজনীতি, ক্ষমতার রাজনীতির দাপট নতুন করে তৈরি হচ্ছে। ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরোনো স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবার সংগঠিত হবে।

সারা দেশ থেকে এনসিপি অভূতপূর্ব সাড়া পাচ্ছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তুলতে চাই, যা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবে। কর্মসংস্থান নিশ্চিত করবে, বৈষম্য দূর করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে।’

সরকার গঠনের পর গণভোটকে অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচনের সময় আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলাম—এটি কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ পরিবর্তন ও রাষ্ট্র সংস্কারের নির্বাচন। কারণ, এই নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়েছে। সরকার গঠনের পর সেই গণভোটকে অস্বীকার করা হয়েছে।’

বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ‘লিগ্যাসি’ থেকে এই নির্বাচনকে বিচ্ছিন্ন করে একটি সাধারণ ক্ষমতা পরিবর্তনের নির্বাচনে পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো একে একে বাতিল করা হচ্ছে।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার একটা চিত্র আমরা দেখতে পেয়েছি। আবারও ক্যাম্পাসগুলোতে মেধা এবং যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে। আমাদের লড়াই শেষ হয়নি, লড়াইটা আরও দীর্ঘায়িত হয়েছে।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে। একটি গণতান্ত্রিক ক্যাম্পাসের জন্য আমরা আজীবন যুদ্ধ করেছি। ভবিষ্যতেও আমাদের লড়াই জারি থাকবে।’

শনিবার যৌথ সভা ডেকেছে বিএনপি

আরেকটি অনিবার্য লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

প্রয়োজনে সংসদ–রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

ছাত্রদল শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে: হুঁশিয়ারি শিবির সভাপতির

মে দিবসে শ্রমিক দলের সমাবেশে আড়াই লাখ মানুষের সমাগম ঘটাতে চায় বিএনপি

দেশে স্থিতিশীলতা নষ্ট করতে একটি শ্রেণির সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

রাজশাহীতে কলেজে ঢুকে শিক্ষিকাকে লাঞ্ছনায় বিএনপি নেতাকে বহিষ্কার

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, ফ্লোরা, রনি, কাফি

ছাত্রদল শিষ্টাচার লঙ্ঘন করে সহিংসতাকে উসকে দিচ্ছে: জামায়াতে ইসলামী

বিএনপির সামনে কঠিন চ্যালেঞ্জ