তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির লাশ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দাবি জানান তিনি।
নাহিদ ইসলাম লিখেছেন, এ ঘটনায় তিনি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এনসিপির এ নেতা আরও লিখেছেন, নিখোঁজ হওয়ার পর থেকে কে এম তাহসিফ সৌরির সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করেন।