হোম > রাজনীতি

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন নামে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। ছবি: জাহিদুল ইসলাম

জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা দেওয়া হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা বেশ কয়েকজন নেতা এবং বিভিন্ন ছাত্রসংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন।

নতুন এই প্ল্যাটফর্মের তিনজন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে। তিন মুখপাত্র হলেন ফেরদৌস আরা রুমী, তুহিন খান ও নাজিফা জান্নাত।

প্ল্যাটফর্মের মুখপাত্র ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের নাম ঘোষণা করেন কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল মামদূহ। কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, সাবেক কালচারাল সেলের উপপ্রধান সৈয়দা নীলিমা দোলা, সাবেক সদস্য সৈয়দ ইমতিয়াজ নদভী, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক নূমান আহমাদ চৌধুরী প্রমুখ।

কেন্দ্রীয় কাউন্সিল সদস্যদের নাম ঘোষণার পর খসড়া ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান ও নাজিফা জান্নাত। নাজিফা জান্নাত বলেন, পাঁচ মূলনীতির ওপর ভিত্তি করে এনপিএর কার্যক্রম পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাঁদের মূলমন্ত্র।

ঘোষণাপত্রে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক লড়াই-সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরা হয়। পাশাপাশি জুলাইয়ের স্বপ্ন ও আকাঙ্ক্ষার বিভিন্ন দিক উল্লেখ করা হয়।

অভ্যুত্থানের পরেও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিকের রক্ত ঝরছে উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়, নাগরিকের জীবন, সম্পদ, সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তির ওপর বিভিন্ন উগ্র গোষ্ঠীর আক্রমণ বাড়ছে। এসব ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। এই বাস্তবতায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে। যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে। এই প্রেক্ষাপটেই জনগণের শক্তি, আগামীর মুক্তি গড়ে তোলার প্রত্যয়ে এনপিএ যাত্রা শুরু করছে।

এনপিএর আত্মপ্রকাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর হুযাইফা আল মামদূহ। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলন করে এনপিএর পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনিক রায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, কথাসাহিত্যিক মশিউল আলম, লেখক আলতাফ পারভেজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের (মার্ক্সবাদী) নেত্রী সীমা দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বখতিয়ার আহমেদ, শিল্পী অমল আকাশ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূঁইয়া, কবি জাহিদ জগৎ প্রমুখ।

‘জনযাত্রা’ নামে এই প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুসহ প্ল্যাটফর্মটির একাধিক নেতা জনযাত্রা নামটি চূড়ান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। পরবর্তী সময় বিভিন্ন কারণে নামটি বদল করা হয়।

এনপিএর সদস্যরা জানান, প্ল্যাটফর্মটির লক্ষ্য বাংলাদেশের জনগণের জন্য এমন একটি রাজনৈতিক শক্তি গড়ে তোলা, যা দেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নেবে। একই সঙ্গে এই শক্তি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে। এ লক্ষ্যে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যরা সারা দেশে প্ল‍্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা তাঁদের।

ব্যাংক হিসাব তলব, মুখ খুললেন আসিফ মাহমুদ

আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব

দুদক চেয়ারম্যানের পদত্যাগের পর সংস্থাটির স্বাধীনতা নিয়ে টিআইবির প্রশ্ন

ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির

গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করবেন না: নাহিদ ইসলাম

জামায়াত আমিরের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

একটি দল নিজের পায়ে কুড়াল মারার চেষ্টা করছে: শিশির মনির

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ