সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে এবং সরকারি প্রশাসনে দলীয়করণ বৃদ্ধি পেতে পারে।
আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার গুরুত্ব কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর চিন্তা অবিবেচনাপ্রসূত। এতে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে। তাঁরা আরও বলেন, অনিয়ম বন্ধের নামে এমন একটি ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের নতুন সুযোগ তৈরি করতে পারে। অসদুপায় বন্ধে লিখিত পরীক্ষার গুরুত্ব কমানোর পরিবর্তে পরীক্ষার নিরাপত্তা, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, সরকারি চাকরি কোনো রাজনৈতিক দলের আনুগত্যের পুরস্কার নয়; এটি জনগণের প্রতি দায়িত্ব। তাই রাজনৈতিক পরিচয় বা প্রভাবের পরিবর্তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। বিবৃতিতে বিদ্যমান নিয়োগ ব্যবস্থায় ত্রুটি থাকলে জনপ্রশাসন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রস্তাবিত খসড়া বিধিমালা প্রণয়নের উদ্যোগ অবিলম্বে বাতিল করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা, জবাবদিহি ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।