হোম > রাজনীতি

জাতীয় ছাত্রশক্তির সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিতজাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাদের পরিচয় করিয়ে দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে অনুষ্ঠিত সংগঠনটির প্রথম কাউন্সিল অধিবেশনে তাদের নির্বাচিত করা হয়। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো কাউন্সিলের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতৃত্ব নির্ধারণ করা হলো।

জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত সভাপতি আবু বাকের মজুমদার। ছবি: সংগৃহীত

কাউন্সিলকে কেন্দ্র করে এর আগে সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। সভাপতি পদে আবু বাকের মজুমদার ও মাহফুজ খান, সাধারণ সম্পাদক পদে তাহমীদ আল মুদাসসীর চৌধুরী, লিমন হাছান ও মাহফুজুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে আবু তৌহিদ মো. সিয়াম, শ্যামলী সুলতানা জেদনী ও মো. জহিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।

কাউন্সিলের আগে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল, সারা দেশ থেকে আসা কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হবে। দিনব্যাপী কাউন্সিলে ভোটগ্রহণের পাশাপাশি আলোচনা সভা, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখারও প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী। ছবি: সংগৃহীত

আবু বাকের মজুমদার এর আগে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সংগঠনটি যাত্রা শুরু করেছিল ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ (বাগছাস) নামে। ২০২৫ সালের ২৩ অক্টোবর সংগঠনটির নাম পরিবর্তন করে ‘জাতীয় ছাত্রশক্তি’ করা হয়। সে সময় বাকেরকে সাধারণ সম্পাদক এবং জাহিদ আহসানকে সভাপতি করা হয়েছিল।

এরপর গত ২ সেপ্টেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে জাহিদ আহসান সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে সিনিয়র সহসভাপতি আহসান লাবীবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। সভাপতি পদে পরিবর্তনের পরই জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়।