হোম > রাজনীতি

আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে গণতন্ত্র নেই জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ‘আমাদের লক্ষ্য, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।’ 

আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত কম্বল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মঈন খান বলেন, ‘হাজার কোটি টাকা খরচ করে এই সরকার মেট্রোরেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল তৈরি করেছে। তাদের বলতে চাই, তাহলে গরিব মানুষদের কেন একটা কম্বল দিতে পারে না? আমরা এই নির্বাচন বর্জন করেছি এবং আমাদের লক্ষ্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা।’

তিনি বলেন, ‘গায়ের জোরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে যারা নিজেদের সরকার বলে দাবি করে, তাদের প্রশ্ন করতে হবে, আজকে বাংলাদেশের ১৮ কোটি মানুষ কী চায়? কয়েক মাস ধরে আমরা শুনছি—যারা বর্তমান সরকারের পক্ষে আছে, তারা বলছে যে বাংলাদেশ নাকি বিশ্বে সবচেয়ে দ্রুত উন্নয়নশীল দেশ। তাহলে আমি প্রশ্ন করতে চাই—এই দ্রুত উন্নয়নশীল দেশে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে কেন গরিব মানুষদের কাছে কম্বল বিতরণ করতে হবে? তাহলে উন্নয়নটা কোথায়?’

মঈন খান আরও বলেন, ‘গত ৭ জানুয়ারি এ দেশে প্রহসনের নির্বাচন হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভোট বর্জন করেছে। নির্বাচনের এই স্বেচ্ছাচারিতার ব্যাপারে কেবল বিএনপিই নয়, আওয়ামী লীগের ভোটাররাও সমালোচনা করেছে।’

নির্বাচনে কারা নির্বাচিত হবে এবং কারা নির্বাচিত হবে না—এগুলো আগে থেকে ঠিক করা ছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব। আমরা শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাজনীতি করি। রক্তের বিনিময়ে আমরা যে দেশ অর্জন করেছি, সেই রক্তের দামকে আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশ তৈরি হয়েছিল গরিব মানুষদের অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য।’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর