চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
বিবৃতিতে নাজমুন নাহার বলেন, বিদেশের মাটিতে একজন নারী শিল্পী ও তাঁর পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলার বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।
নাজমুন নাহার আরও বলেন, জুলাই আন্দোলনে অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি-আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালির প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।
বাঁধন ও তাঁর পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে নাজমুন নাহার আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার থাকবে।