হোম > রাজনীতি

ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে প্রতিহত করতে হবে: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে লাঠি হাতে প্রতিহত করার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। আজ সোমবার নির্বাচনী প্রচারণার শেষ দিন দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘ফজরের ওয়াক্তে যাদের ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা ভোটকেন্দ্রে আসতে চায়। তাদের পরিকল্পনা কী, বাংলাদেশের মানুষ জানে। আমরা ইনশা আল্লাহ ভোটকেন্দ্রে থাকব। ভোটকেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয়, ইনশা আল্লাহ শক্ত হাতে লাঠি হাতে তরুণ সমাজকে প্রতিহত করতে হবে।’

নির্বাচন কমিশনকে সতর্ক করে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশনকে বলছি, এত দিন যা করেছেন, করেছেন। ১২ ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই নির্বাচন কমিশনের।’

প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আমলাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, পুলিশ, সেনাবাহিনী ভাইদের বলছি, আমলাদের বলছি, আপনারা আমাদের ভাই। আপনারা এ দেশের মেধাবী সন্তান। আপনাদের ওপর দেশের আমানত, গুরুদায়িত্ব আপনারা পালন করবেন আগামী ১২ ফেব্রুয়ারি। ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে এগোতে চাই। আমরা আশা করব, আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন। বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন। গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন গণ-অভ্যুত্থানের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের ওপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো দিন ক্ষমা করবে না, করবে না, করবে না।’

মোহাম্মদপুরবাসীকে ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের রিকশা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান নাহিদ। তিনি বলেন, ‘মোহাম্মদপুরবাসী রিকশা মার্কাকে জয়যুক্ত করে ফ্যাসিবাদবিরোধী, কারা নির্যাতিত আলেমকে জয়যুক্ত করে ইসলামের পক্ষে ভোট দেবেন। অভ্যুত্থানের পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়ে আল্লামা মামুনুল হককে আপনারা আগামী সংসদে পাঠাবেন। আমরা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিপক্ষে, সংস্কারের পক্ষে, আধিপত্যবাদের বিপক্ষে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করব।’

নির্বাচনী প্রচারণার শেষ দিনে সকাল ৮টার দিকে জনসংযোগ শুরু করেন নাহিদ ইসলাম। উত্তর বাড্ডার ভাওয়ালিয়াপাড়া বায়তুল মোকাদ্দাস মসজিদ, পূর্বাচল স্বাধীনতা সরণির তেঁতুলতলায় গণসংযোগ চালান তিনি। বেলা ১১টার দিকে তিনি মোহাম্মদপুরে যান। সেখানে ঈদগাহ মাঠে মামুনুল হকের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। বিকেলে শেষ বেলায় নিজ গ্রাম ফকিরখালীতে উঠান বৈঠকে অংশ নেন নাহিদ ইসলাম। তিনি এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। জনগণের মধ্যে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার গুরুত্ব নিয়ে কথা বলেন। শাপলা কলির পক্ষে ভোট চান।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। সেই হিসাবে আজ সোমবার ছিল আনুষ্ঠানিক প্রচারের শেষ দিন। এদিন ব্যস্ত সময় পার করেন প্রায় সব প্রার্থী।

ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এদিন দুপুরে নটর ডেম কলেজ গেট থেকে গণসংযোগ শুরু করেন। এরপর মতিঝিল ইডেন চত্বর ও কবি জসীমউদ্‌দীন রোড এলাকায় প্রচারণা চালান তিনি। বিকেলে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিলে অংশ নেন নাসীরুদ্দীন। সন্ধ্যার পর তিনি গোপীবাগে সুইপার কলোনিতে প্রচার চালান।

বিএনপির বিজয় সুনিশ্চিত দেখে একটি দল অপপ্রচার করছে: মাহদী আমিন

‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএ, তবে এই সংসদে উচ্চকক্ষ গঠন চায় না

সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির

অতীতের ভুলত্রুটির জন্য তারেক রহমানের দুঃখপ্রকাশ

রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান

ইসি যেন এমন সার্কুলার জারি না করে, যাতে উদ্বেগ সৃষ্টি হয়: জামায়াত

মা-বোনেরা সকালে চুলা না জ্বেলে আগে ভোটকেন্দ্রে যাবেন: মঈন খান

বিএনপি প্রয়োজনে কোয়ালিশন সরকার গঠন করবে: আমীর খসরু

১২ তারিখ গরু-খাসি দিয়ে ভূরিভোজ করে বিজয় উৎসব করব: নুর

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত ইসির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে: জামায়াত