গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শনিবার ১১ দলের খুলনা-যশোর অভিমুখী লংমার্চে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় আয়োজিত এক পথসভায় এ কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘গণভোটের গণ রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, গাদ্দারি করছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়। আমরা জনগণের অধিকার আদায় করে ছাড়ব, ইনশা আল্লাহ।’
পথসভায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের গণ রায় বাস্তবায়ন না করে জনগণকে লালকার্ড দেখিয়েছে। জনগণ সরকারকে ক্ষমতা থেকে সরাতে লালকার্ড দেখাবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্র মেরামত করার জন্য জনগণ গণভোট হ্যাঁ-তে ভোট দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও হ্যাঁ-তে ভোট চেয়েছেন। কিন্তু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়ে তাদের চেহারা পাল্টে গেছে।’