ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ভোটের ফলাফল যেটাই হোক, তিনি মেনে নেবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।
ইশরাক হোসেন বলেন, ‘পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে ইশরাক বলেন, ‘জনগণের রায়ই চূড়ান্ত এবং ফলাফল যাই হোক তা মেনে নেব।’
ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে ইশরাক অভিযোগ করে বলেন, ‘গতকাল রাত থেকে জামায়াতের কিছু লোক বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে হেরে যাবে। এ জন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।’
উল্লেখ্য, জাতীয় সংসদের ঢাকা-৬ আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪, ৩৭, ৩৮,৩৯, ৪০,৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জামায়াত জোটের প্রার্থী মো. আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ছাড়া জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) লাঙ্গল প্রতীক, গণফ্রন্টের আহম্মেদ আলী শেখ মাছ প্রতীক, বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. ইউনুস আলী আকন্দ এবং গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মো. ফখরুল ইসলামও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।