হোম > রাজনীতি

৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি, এলাকা গোছাচ্ছেন ছাত্রনেতারা

সাখাওয়াত ফাহাদ, ঢাকা 

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটানোর পর নতুন রাজনৈতিক দল গড়ার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থী ও তরুণেরা। চলতি মাসের মাঝামাঝি এ দলের আত্মপ্রকাশ ঘটবে। দল গঠনের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তাঁদের লক্ষ্য প্রাথমিকভাবে ১০০টি আসনে তরুণ নেতা তুলে আনা। এ লক্ষ্য পূরণে নতুন রাজনৈতিক দলে থাকবেন এমন নেতারা স্থানীয় পর্যায়ে নিয়মিত যাচ্ছেন এবং সভা-সমাবেশে অংশ নিয়ে স্থানীয় তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার চেষ্টা করছেন।

গণ-অভ্যুত্থানের পরপরই নতুন দল গঠনে কাজ শুরু করে জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব নিয়ে শেষ মুহূর্তের আলোচনা চলছে এখন। প্রাথমিকভাবে দলের শতাধিক নামের প্রস্তাব পেলেও সেই তালিকা সংক্ষিপ্ত করে এনেছেন তাঁরা। গঠনতন্ত্র প্রণয়নের ক্ষেত্রেও অনেক দূর এগিয়েছেন। নেতৃত্ব নিয়ে নানা আলোচনা থাকলেও নাহিদ ইসলামকে দলের মূল নেতৃত্বে দেখা যেতে পারে।

নাগরিক কমিটির একাধিক নির্বাহী সদস্য আজকের পত্রিকাকে জানিয়েছেন, দলের নাম, গঠনতন্ত্র, নেতৃত্ব চূড়ান্ত করে চলতি মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মাঝামাঝি দলটির আত্মপ্রকাশ ঘটবে। ১৪ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নতুন দল আত্মপ্রকাশের ভাবনা রয়েছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ১৪ ফেব্রুয়ারি ‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হয়। একই সঙ্গে শুক্রবার হওয়ায় এদিনে দেশব্যাপী লংমার্চের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে পারে।

নতুন দলের ভিত্তি শক্তিশালী করতে আসনভিত্তিক প্রস্তুতিও চলছে। নাগরিক কমিটির একাধিক সূত্র বলছে, সদস্যসচিব আখতার হোসেন কাউনিয়া উপজেলা, হারাগাছ পৌরসভা ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে তিনি নিয়মিত এই আসনে যাচ্ছেন এবং স্থানীয় সামাজিক, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। প্রায়ই কুমিল্লায় বিভিন্ন সভা-সমাবেশ, কর্মসূচিতে অংশ নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা-৪ আসন থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠন আব্দুল হান্নান মাসুদ। নোয়াখালী-৬ আসনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে তাঁর।

এ ছাড়াও জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ হাসান আলী চট্টগ্রামে, মো. আব্দুল আহাদ দিনাজপুরে, আশরাফ উদ্দিন মাহদি ও মো. আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায়, অনিক রায় সুনামগঞ্জে, মনিরা শারমিন নওগাঁয়, এস এম সাইফ মোস্তাফিজ সিরাজগঞ্জে, আতিক মুজাহিদ কুড়িগ্রামে, আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জে, সারোয়ার তুষার নরসিংদীতে, মশিউর রহমান ঝালকাঠিতে, মো. নিজাম উদ্দিন নোয়াখালীতে এবং আলী আহসান জোনায়েদ ঢাকায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। কেন্দ্রীয় সংগঠক মেসবাহ কামাল মুন্না খুলনায়, প্রীতম দাশ হবিগঞ্জে, আবু সাঈদ লিওন নীলফামারীতে এবং জাতীয় নাগরিক কমিটির নারীবিষয়ক সেলের প্রধান সাদিয়া ফারজানা দীনা রংপুরে নির্বাচনের লক্ষ্যে তরুণ ও যুবসমাজকে সংগঠিত করার কাজ চালিয়ে যাচ্ছেন।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে প্রস্তুতি আমরা নিচ্ছি এবং সেভাবেই আগাচ্ছি।’

স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা জাতীয় পর্যায়ে ১০০ তরুণ নেতা, এমন মডেল নিয়ে আগাচ্ছি। এর সঙ্গে স্থানীয় পর্যায়ে আরও নেতৃত্ব উঠে আসবে। এ প্রক্রিয়া নিয়ে কাজ চলছে।’

নাহিদ ইসলাম বা সরকারের কোনো উপদেষ্টার নতুন দলে যোগদানের বিষয়ে সারোয়ার তুষার বলেন, ‘দল ফেব্রুয়ারিতে আসছে এটা চূড়ান্ত। সরকারের মধ্য থেকে যদি কেউ আসতে চান, তাহলে সরকারের পদ ছেড়ে দিয়ে আসতে হবে। আমাদের এখনো কেউ নিশ্চিত করেননি যে, তাঁরা আসবেনই।’

শাহ আলীর মাজারে হামলায় জামায়াতের সম্পর্ক নেই: বিবৃতি

আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হলেও সরকার এটি স্বীকার করে না: জামায়াতের আমির

হজ পালনে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’

সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

সেতুমন্ত্রীর সফরে বাউফলে বিএনপি-জামায়াত হাতাহাতি

মালয়েশিয়ায় মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট: আযাদ

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন

সিইসির সামনে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর