হোম > রাজনীতি

স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির

নেত্রকোনা প্রতিনিধি

মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। দেশের এক ইঞ্চি ভূখণ্ড তো দূরের কথা, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাশাপাশি দেশের মানুষও দেশপ্রেম ও ইমানি শক্তি নিয়ে দায়িত্ব পালন করবে।

আজ শুক্রবার সকাল ১০টায় নেত্রকোনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘এই দেশ আপনার, আমার, আমাদের সবার। তাই দেশ রক্ষার দায়িত্বও আমাদের সবার।’

এ সময় সীমান্ত পরিস্থিতি, নেত্রকোনার উন্নয়ন, সম্ভাবনা ও সমসাময়িক বিভিন্ন ইস্যু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

মাদকবিরোধী অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি বিল সংসদে এনেছে। তবে নিয়ন্ত্রণ নয়, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূলের দাবি জানায় জামায়াতে ইসলামী। তাঁর মতে, ‘মাদক নিয়ন্ত্রণ মানে কিছুটা দমন করে রাখা। আমরা সেটি চাই না। আমরা চাই, মাদকের শিকড় উপড়ে ফেলতে। মাদককে প্রশ্রয় দিয়ে সমাজকে ধ্বংস করা হচ্ছে।’

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে একজন সদস্য দাবি করেছেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা দিয়েই আসে। এ বিষয়ে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের শুরু হওয়া উচিত নিজের এলাকা থেকেই।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, সরকার জনকল্যাণমূলক কোনো উদ্যোগ নিলে বিরোধী দল তার সমর্থন দেবে। আবার সরকারের ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরবে। তবে বিরোধী দলের যৌক্তিক বক্তব্য উপেক্ষা করা হলে তারা কঠোর অবস্থান নেবে।

জামায়াতের আমির বলেন, ‘আমরা অন্ধের মতো বিরোধিতা করব না, কিন্তু জনগণের স্বার্থে প্রয়োজন হলে বিরোধী দল বাঘের মতো গর্জে উঠবে।’

উন্নয়ন কর্মকাণ্ডের গতি নিয়েও সমালোচনা করেন জামায়াতের আমির। তাঁর দাবি, বছরের অধিকাংশ সময় উন্নয়ন কার্যক্রম চলে ধীরগতিতে আর শেষ সময়ে হঠাৎ তা দ্রুতগতিতে পরিচালিত হয়।

এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ছাদেক আহমাদ হারিছ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফাসহ জেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

পরে জেলার পাবলিক হলরুমে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন সম্মেলনে অংশ নেন শফিকুর রহমান। সেখানে তিনি দলীয় কার্যক্রম, সাংগঠনিক শক্তিশালীকরণ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

পুরোনো অস্ত্রেই আক্রমণে সরকারি ও বিরোধী দল

শাপলা চত্বর হত্যাকাণ্ডে আসামি হচ্ছেন ইনু

জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

আইআরআইয়ের আমন্ত্রণে তাইওয়ান যাচ্ছেন জারা, আলাউদ্দীন ও মিলি

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব, কেউ নাখোশ হলে রাজশাহীর আম পাঠাব: শফিকুর রহমান

গণভোটের রায় না মানায় রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই খুলে নেবে: নাহিদ

এখনো জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাইনি: নাহিদ ইসলাম

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি