দীর্ঘ সাত বছরের আইনি লড়াই শেষে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার রাষ্ট্রের চালানো বর্বরতাকে ‘জেনোসাইড’ বা জাতিগত নিধন হিসেবে স্বীকৃতি দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে পিস প্যালেসে এই রায় ঘোষণা করা হয়। ১৯৪৫ সালে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি জাতিগত নিধনের দায়ে দোষী সাব্যস্ত করা হলো। চূড়ান্ত ও আপিল অযোগ্য এই রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের দীর্ঘদিনের রাষ্ট্রীয় মিথ্যাচারের অবসান ঘটল। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা মামলায় কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশের সক্রিয় সমর্থন প্রমাণ করে যে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারে বিশ্ববিবেক এখনো জাগ্রত।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নৃশংস অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা প্রাণ হারান এবং সাড়ে ৭ লাখের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। আইসিজের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছে, রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করা হয়েছে, নারীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে এবং শিশুদেরও চরম নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।
তবে আইনি বিজয়ের এই আনন্দ যেন কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ না থাকে, সেদিকে এখন সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। আইসিজের এ রায় বাস্তবায়ন করার সুযোগ নেই। সেটা করতে পারে একমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সে জন্য সেখানে আবেদন করার উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। মিয়ানমারের সামরিক জান্তা অতীতেও আন্তর্জাতিক কোনো নির্দেশনার তোয়াক্কা করেনি। এমনিতেই মিয়ানমারে দীর্ঘ সময় ধরে জটিল পরিস্থিতি বিরাজ করছে। এমন অস্থিতিশীল পরিবেশে রোহিঙ্গাদের কেবল নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানোর চেষ্টা কোনো টেকসই সমাধান বয়ে আনবে না।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে সীমিত সামর্থ্য নিয়ে ১২ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে চলেছে, যা দেশের অর্থনীতি, পরিবেশ ও অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে। আইসিজের এই ঐতিহাসিক রায়কে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করার এখনই যথার্থ সময়। বাংলাদেশের উচিত গাম্বিয়া এবং মামলায় সমর্থনকারী ১১টি প্রভাবশালী রাষ্ট্রকে সঙ্গে নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অবিলম্বে একটি প্রস্তাব পাসের উদ্যোগ গ্রহণ করা।
মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর কঠোর চাপ প্রয়োগ করে রাখাইনে একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার দাবি তুলতে হবে। একই সঙ্গে রাখাইনের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে সেখানকার স্থানীয় শক্তিগুলোর সঙ্গেও কৌশলগত যোগাযোগ রাখা জরুরি, যেন প্রত্যাবর্তনের সময় এবং প্রত্যাবর্তনের পর রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হয়।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে হলে তাদের নাগরিকত্বের স্বীকৃতি এবং মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা সবার আগে প্রয়োজন। বিশ্ব সম্প্রদায় যদি এখন মিয়ানমারের ওপর কার্যকর চাপ প্রয়োগে ব্যর্থ হয়, তবে এই ঐতিহাসিক রায় কেবল ইতিহাসের পাতায় একটি দলিল হয়েই থাকবে। তাই ন্যায়বিচারের এই বিজয়কে পূর্ণতা দিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা জরুরি।