দেশে এ বছরের শুরুতে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। কিছুদিনের মধ্যে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা যদি কমও হতো, তবু তা মানা যেত না। আশঙ্কার বিষয় হলো, এবার শিশুরা হাম ও ডেঙ্গুতে একই সঙ্গে আক্রান্ত হওয়ার ফলে তাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে। হামের সঙ্গে ডেঙ্গু থাবা বসানোয় মস্তিষ্কে প্রদাহ, তীব্র শ্বাসকষ্ট ও মারাত্মক নিউমোনিয়ার মতো প্রাণঘাতী জটিলতা দ্রুত দেখা দিচ্ছে।
সম্প্রতি চট্টগ্রামের এক হতভাগ্য মা-বাবার মাত্র দুই দিনের ব্যবধানে দুই শিশুসন্তানকে হারানোর মর্মান্তিক ঘটনা ঘটেছে। পরিস্থিতি যখন ভয়াবহ, তখন দায়সারা ভাব দেখিয়ে এ পরিস্থিতি থেকে শিশুদের রক্ষা করা যাবে না। একটি দেশে শুধু সংখ্যা দিয়ে কোনো শিশুর মৃত্যুর দায় এড়ানোর সুযোগ নেই। উন্নত বিশ্বে এ ধরনের ঘটনা ঘটলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হতো। কিন্তু আমাদের দেশে কখনো সে ধরনের নজির দেখা যায়নি।
অনেক আগে থেকে দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের টিকাদান কর্মসূচিকে বিস্তৃত করার কথা বলছিলেন। কিন্তু সরকার বিশেষজ্ঞদের মতামতের কোনো তোয়াক্কা করেনি। যেহেতু হাম সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য একটি রোগ, সেহেতু দেশের প্রতিটি কোণে বিশেষ করে দুর্গম ও প্রান্তিক এলাকায় টিকা দেওয়া নিশ্চিত করা জরুরি। আগে থেকে এ পদক্ষেপ নিলে পরিস্থিতি এত ভয়াবহ হতো না। গত কয়েক মাসে হামের বিস্তার প্রমাণ করে যে আমাদের নিয়মিত টিকাদান কার্যক্রমে কোথাও বড় ধরনের ফাঁক থেকে গেছে। টিকাদানের হার সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে হামের সংক্রমণ দ্রুত কমিয়ে আনতে পারলে শিশুদের সব রোগের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব ছিল।
আর ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি নিয়ন্ত্রণে স্থানীয় সরকার ও স্বাস্থ্য বিভাগকে কেবল মৌসুমের সময় ক্রিয়াশীল না থেকে
সারা বছর সেটা চালানো দরকার ছিল। কিন্তু এ ক্ষেত্রেও মারাত্মক ঘাটতি আছে। ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সম্পৃক্ততা ও জনসচেতনতা নিশ্চিত না করা গেলে ডেঙ্গুর প্রকোপ কমানো অসম্ভব।
আমাদের বিদ্যমান স্বাস্থ্যসেবা ব্যবস্থার পুনর্গঠন ছাড়া এ ধরনের জটিল পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয়। শুধু হাম-ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এভাবে শিশু মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। যদিও সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী শিশু মৃত্যুর দায় নিজের কাঁধে নিয়েছেন। কিন্তু তিনি স্বাস্থ্য বিভাগের কোনো অবহেলার দায় স্বীকার করেননি। তাদের ব্যর্থতা কোথায় ও কীভাবে ছিল বা এখনো আছে, সেটা স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট করলে পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণ করা যেত।
শুধু হাসপাতালকেন্দ্রিক চিকিৎসাব্যবস্থার ওপর নির্ভর করে এত বড় জনস্বাস্থ্যের সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তাই দেশের
ভবিষ্যৎ প্রজন্মকে দ্বিমুখী এই রোগের হাত
থেকে বাঁচাতে হলে জরুরি রাষ্ট্রীয় উদ্যোগের বিকল্প নেই।