হোম > মতামত > সম্পাদকীয়

সরকারি জলমহাল দখল

সম্পাদকীয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগলপুর মৌজার ভুয়া দলিল তৈরি এবং সরকারি আইনজীবীকে ম্যানেজ করে প্রায় ছয় একরের চারটি সরকারি খাস পুকুর দীর্ঘ ১৭ বছর ধরে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল হাকিমের বিরুদ্ধে। ওই জলমহালগুলো কেবল সরকারি রাজস্বের গুরুত্বপূর্ণ উৎসই ছিল না, বরং স্থানীয় প্রান্তিক ও প্রকৃত মৎস্যজীবীদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল। ‘জাল যার জলা তার’—রাষ্ট্রের এই ঘোষিত নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি জাল কাগজপত্রের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে পুঁজি করে বছরের পর বছর ধরে এসব জলমহাল ভোগদখল করেছেন। আরও উদ্বেগজনক বিষয় হলো, দখলকৃত একটি পুকুরকে মাটি দিয়ে ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে এবং সেখানে ধান চাষ করা হচ্ছে। এটি প্রচলিত পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন।

এই দীর্ঘমেয়াদি দখলদারত্বের পেছনে সবচেয়ে বড় শক্তির উৎস হিসেবে কাজ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর রহস্যজনক নিষ্ক্রিয়তা ও যোগসাজশ। রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যয়ন অনুযায়ী, ১৯৫২ সালের নিবন্ধনে যে দলিলের কোনো অস্তিত্বই নেই, সেই সম্পূর্ণ অস্তিত্বহীন ও ভুয়া দলিলের ওপর ভিত্তি করে দায়ের করা মামলাটি বছরের পর বছর ধরে ঝুলিয়ে রাখা হয়েছে। দখলকারীর নিজস্ব অকপট স্বীকারোক্তি এবং সরকারি কৌঁসুলির সহকারীর বক্তব্য এটা স্পষ্ট করেছে যে মামলার লিখিত জবাব দাখিলে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ ও অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে রাষ্ট্রপক্ষের স্বার্থকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। যাঁদের ওপর রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার আইনি দায়িত্ব ন্যস্ত, সেই রক্ষকেরাই যখন অর্থের বিনিময়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন, তখন আইনের শাসন প্রতিষ্ঠা ভূলুণ্ঠিত হয়। দুজন ব্যক্তির অপকর্মের কারণে সরকারি সম্পত্তি এভাবে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

‘সরকারি জলমহাল আইন, ২০২৬ (খসড়া)’-এ অবৈধভাবে জলমহাল দখল, জলাশয় ভরাট করে শ্রেণি পরিবর্তন এবং এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত এই আইনের আলোকে কেবল অবৈধ দখলকারীকে উচ্ছেদ করাই যথেষ্ট নয়; বরং ভুয়া দলিল তৈরি, জলাশয় ভরাট করে জমির প্রকৃতির পরিবর্তন এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সরকারি কৌঁসুলির বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করা জরুরি। আইন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের উচিত এই পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট সরকারি আইনজীবীর অপসারণ ও শাস্তি নিশ্চিত করা।

উপজেলা প্রশাসন যেহেতু ইতিমধ্যে পুকুরগুলোর মূল ও আসল দলিল সংগ্রহ করতে সক্ষম হয়েছে, তাই এখন আর সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই। অনতিবিলম্বে উচ্চ আদালতে আসল নথিপত্র ও সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যয়নপত্র উপস্থাপন করে স্থগিতাদেশ প্রত্যাহার এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জালিয়াতি ও দুর্নীতির এই সিন্ডিকেট ভেঙে দিয়ে জলমহালগুলো পুনরুদ্ধার করে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ইজারা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।