হোম > মতামত > সম্পাদকীয়

উপবৃত্তির টাকা না পাওয়া

সম্পাদকীয়

শিক্ষার্থী ঝরে পড়া রোধে সরকারের অন্যতম উদ্যোগ হলো উপবৃত্তি কর্মসূচি। বিশেষ করে গ্রামীণ জনপদের দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের সন্তানদের মাধ্যমিক শিক্ষার পথ সুগম করতে এই আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের দায়িত্বহীনতা এবং অনৈতিক অর্থ লেনদেনের কারণে এই মহৎ উদ্দেশ্য কীভাবে ব্যাহত হয়, তার এক জ্বলন্ত উদাহরণ হলো রংপুরের বদরগঞ্জ উপজেলার আউলিয়াগঞ্জ উচ্চবিদ্যালয়ের ঘটনাটি। মূলত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চরম গাফিলতির কারণে নির্ধারিত সময়ে অনলাইন নিবন্ধন না হওয়ায় ষষ্ঠ শ্রেণির ৫৯ জন শিক্ষার্থী সরকারি উপবৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এই নিবন্ধনের নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত অনৈতিকভাবে আদায় করার অভিযোগ উঠেছে খোদ প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে।

গ্রামীণ এলাকার অনেক দরিদ্র পরিবারের কাছে উপবৃত্তির এই টাকা সন্তানদের পড়াশোনার খরচ চালানোর বড় অবলম্বন। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলরাম রায় ও অফিস সহকারী সাজ্জাদ হোসেনের মধ্যে সমন্বয়হীনতার কারণে কোমলমতি শিক্ষার্থীরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছে। অফিস সহকারীর বক্তব্য অনুযায়ী, প্রধান শিক্ষক নিজে বাইরের কম্পিউটারের দোকান থেকে কাজটি করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে সাড়ে ৫ হাজার টাকা নিয়েছিলেন, কিন্তু দোকানদারকে সামান্য কিছু টাকা দিয়ে আর কোনো খোঁজখবর রাখেননি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীন ব্যক্তির কাছ থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন ও অপেশাদার আচরণ কোনোভাবেই প্রত্যাশা করা যায় না।

নিজের এই চরম ব্যর্থতা ও অনিয়মের দায় স্বীকার করার পরিবর্তে প্রধান শিক্ষক অত্যন্ত নির্লজ্জভাবে সাফাই গেয়েছেন, দেশের আরও বেশ কিছু বিদ্যালয়ে নাকি অনলাইন নিবন্ধন হয়নি। অন্য কোথাও অনিয়ম হলে নিজের অপরাধ বৈধ হয়ে যায় না, একজন শিক্ষকের মুখে এমন যুক্তি কেবল হাস্যকর নয়, বরং শিক্ষকতা পেশার নৈতিকতার প্রতি চরম অবমাননা।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বদরগঞ্জের ইউএনও অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আশ্বাস দিয়েছেন, আমরা তার দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই। শুধু লোকদেখানো তদন্ত কমিটি গঠন করে বিষয়টি ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা যেন করা না হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর মধ্যে কার কতটুকু অপরাধ রয়েছে, তা নিরূপণ করতে হবে এবং শিক্ষার্থীদের কাছ থেকে অবৈধভাবে আদায় করা সমস্ত অর্থ অবিলম্বে তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে সরকারি দায়িত্বে চরম অবহেলা ও দুর্নীতির দায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে ঘটনাটি একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে বিবেচিত হয় ভবিষ্যতে।

শুধু দোষী ব্যক্তিদের শাস্তি দিলেই এর পূর্ণাঙ্গ সমাধান হবে না; বরং বঞ্চিত ৫৯ জন শিক্ষার্থীর টাকা পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপেই শুধু এই অসহায় শিক্ষার্থীরা তাদের ন্যায্য পাওনা ফিরে পেতে পারে।