এবার পাখিশিকারিরা বেশ একটা অভিনব উপায় বের করেছে। সাউন্ড বক্সে পাখির ডাক শুনিয়ে অন্য পাখিদের আকৃষ্ট করে ফাঁদে ফেলে শিকার করার বুদ্ধিটা যার মাথায় এল, তাকে ‘পুরস্কৃত’ করা উচিত! সেই ‘পুরস্কার’ হতে পারে এক বছরের কারাদণ্ড অথবা ১ লাখ টাকা জরিমানা। ঘটনার পুনরাবৃত্তি হলে ‘পুরস্কার’ দ্বিগুণ! শীতকালে আমাদের দেশে যে পরিযায়ী পাখিরা বেড়াতে আসে, তাদের অতিথি হিসেবে আপ্যায়ন না করে যারা মানব-অতিথি আপ্যায়নে সেই পাখিগুলোকে খাবারের পাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে, তাদের জন্য এমন ‘পুরস্কারের’ বিধান রয়েছে বন্য প্রাণী আইনে।
শীতপ্রধান দেশ থেকে একটু ওম পোহাতে আর খাবার খুঁজতে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে বাংলাদেশে। এখন বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন জলাশয়ে ঝাঁকে ঝাঁকে এই পাখি বিচরণ করছে। পাশের মোল্লাহাট ও চিতলমারী উপজেলায়ও একই দৃশ্য। এই সুন্দর দৃশ্যের পাশাপাশি দেখা যাচ্ছে মন খারাপ করা ছবিও—বাগেরহাটের বিভিন্ন হাটবাজারে গোপনে, কোথাও প্রকাশ্যে বিক্রি হচ্ছে এসব পাখি। এমন একটি ছবি ছাপাও হয়েছে আজকের পত্রিকায়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, গভীর রাতে নির্জন জলাশয়ের পাশে সাউন্ড বক্সে বিভিন্ন প্রজাতির পাখির ডাক বাজানো হয়। কৃত্রিম সেই ডাক শুনে অন্য পাখিরা জলাশয়ে নামলে জাল ও ফাঁদে আটকা পড়ে। এই শিকার করা পাখিগুলো বিক্রির জন্য গড়ে উঠেছে একাধিক নেটওয়ার্ক। পরিযায়ী পাখির পাশাপাশি তারা বিক্রি করছে দেশি পাখিও।
ফকিরহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান আশ্বাস দিয়েছেন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার। কিন্তু বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহিন কবির বলছেন, অভিযোগ ওঠা তিন উপজেলায় জনবল মাত্র তিনজন। ফলে এত কমসংখ্যক কর্মী দিয়ে নিয়মিত তদারকি করা কঠিন। তদারকি না হলে তো জড়িতরা ধরাই পড়বে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো পরের কথা।
বিস্তৃত এলাকায় মাত্র তিনজন কর্মীর পক্ষে নিয়মিত নজরদারি করা যে কঠিন, তা সহজেই অনুমেয়। কিন্তু জনবলসংকটকে দায়িত্ব পালনে ব্যর্থতার স্থায়ী অজুহাত হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। প্রয়োজন প্রশাসন, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ।
বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন থাকলেও এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি। শিকারিদের পাশাপাশি পাখি কেনাবেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে হবে। বাজারগুলোতে নিয়মিত অভিযান চালানো, জলাশয়গুলোতে নজরদারি বাড়ানো এবং স্থানীয় মানুষকে সচেতন করা প্রয়োজন। আর এই কাজগুলো করতে কর্তৃপক্ষের নিশ্চয়ই সাউন্ড বক্সের প্রয়োজন নেই। নজরদারি বাড়াতে দক্ষ ও সৎ জনবল নিয়োগ করতে হবে। সঙ্গে জনগণকে সচেতন করতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে হবে।
প্রকৃতির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিযায়ী পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বিচারে শিকার চলতে থাকলে পাখির সংখ্যা কমে ক্ষতিগ্রস্ত হবে জীববৈচিত্র্য। একবার কোনো প্রজাতি হারিয়ে গেলে কেবল আইন করে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়। সাউন্ড বক্স বাজিয়ে তো নয়ই।