ঢাকার দুই সিটিসহ দেশে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
গত ৪ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম কিবরিয়াসহ ছয়জন রিটটি করেন। অন্য আইনজীবীরা হলেন জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. আল মুত্তাকী বিল্লাহ, মো. ইসমাঈল হোসেন ও সাইফুল্লাহ খালেদ। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ছয় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।
রিটে ৩০ দিনের মধ্যে নির্বাচন ও নির্বাচনের আগপর্যন্ত জেলা প্রশাসকদের দিয়ে সিটি করপোরেশনের কার্যক্রম পরিচালনার নির্দেশনা চাওয়া হয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ছয় সিটি করপোরেশনে বিএনপির ছয় নেতাকে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয় সরকার।
এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে নিয়োগ দেওয়া হয়।