হোম > জাতীয়
সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা

সৌদিতে শতকরা ১-২ নারী শ্রমিক নির্যাতনের শিকার, সংখ্যায় অনেক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

সৌদি আরবে কর্মরত বাংলাদেশি নারী শ্রমিকের ১ থেকে ২ শতাংশ নির্যাতনের শিকার হন বলে সংসদীয় স্থায়ী কমিটিকে তথ্য দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে প্রায় ১ লাখ ৬৯ হাজার নারী শ্রমিকের উল্লেখ করা হয়। কমিটির পক্ষ থেকে এটি শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে শতাংশের হিসাবে কম মনে হলেও সংখ্যার হিসাবে এ ঘটনা অনেক বেশি বলে সতর্ক করা হয়।

রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, সৌদি আরবে নারী শ্রমিক ‘অ্যাবিউজের’ দুঃখজন অনেক ঘটনা ঘটে। পাসপোর্ট নিতে এলে তাঁদের কাছে জানতে চাওয়া হয়, এ ছাড়া তৃতীয় পক্ষের মাধ্যমেও জরিপ করা হয়।

আদিব চৌধুরী বলেন, মন্ত্রণালয় একটি তথ্য তুলে ধরেছে। সৌদি আরবে ১ থেকে ২ শতাংশ নারী শ্রমিক ‘অ্যাবিউজের শিকার’ হন বলে তারা জানিয়েছে। দেশটিতে এখন প্রায় ১ লাখ ৬৯ হাজার নারী শ্রমিক আছেন।

এ পর্যন্ত ১ হাজার ৩৬৪ জন নারী গৃহকর্মীকে উদ্ধার এবং নিরাপদ প্রত্যাবাসন করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত এ কমিটির সভাপতি বলেন, ‘১ থেকে ২ শতাংশ শুনলে ছোট সংখ্যা বলা হয়, কিন্তু ১ হাজার ৩৬৪—এটা গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

এ বিষয়ে সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে কর্মরত নারী শ্রমিকদের কাছ থেকে দূতাবাসের হটলাইন নম্বরে কতটি কল এসেছে, কত দ্রুত সাড়া দেওয়া হয়েছে এবং কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে—এসবের পরিসংখ্যান নিয়মিত পর্যালোচনার নির্দেশ দিয়েছে কমিটি। সেই সঙ্গে ছয় মাস পর অগ্রগতি যাচাইয়ের পাশাপাশি পাসপোর্ট প্রদান ও অভিযোগ নিষ্পত্তিসহ সেবার মান পরিমাপে নির্দিষ্ট কর্মদক্ষতার সূচক (কেপিআই) নির্ধারণের ওপরও জোর দেওয়া হয়েছে।

সৌদি আরবে কনস্যুলার সেবা দেওয়ার ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতার অভাব একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আলোচনায় উঠে আসে। অথচ প্রবাসীদের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় সহায়তা দিতে ভাষাগত দক্ষতা জরুরি। এ সমস্যা সমাধানে কর্মীদের আরবি ভাষার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। তবে এর সুফল পেতে সময় লাগতে পারে বলে কমিটিতে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির তৃতীয়বারের মতো অনুষ্ঠিত এ বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী এবং সানজিদা ইসলাম। কমিটির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলেটের ভূমিকা জানতে চায় সংসদীয় কমিটি

রাজনৈতিক বিবেচনায় ১৪১৩ প্লট বরাদ্দ, অনিয়মের অভিযোগে ১০৭৪টির নথি কার্যক্রম স্থগিত

ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বজলুর রহমান

প্রশিক্ষকদের আদর্শিক নেতৃত্ব ও দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব আনসার মহাপরিচালকের

কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার কৃষক ও ভোক্তা উভয়ের জন্যই উদ্বেগের: কৃষিমন্ত্রী

জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা

শিক্ষকদের প্রতি শ্রদ্ধা যেন তাঁদের আচরণের কারণে নষ্ট না হয়: অ্যাটর্নি জেনারেল

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে স্ট্যান্ড রিলিজ