হোম > জাতীয়

পদ্মা সেতুতে ক্যাশলেস ব্যবস্থায় টোল আদায় ১০ কোটি টাকা ছাড়াল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থায় আদায় ১০ কোটি টাকা ছাড়িয়েছে। একই সঙ্গে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার অতিক্রম করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, এটি দেশের ক্যাশলেস টোল ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

আজ সোমবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদার এ তথ্য জানান।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৬ জুলাই পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট টোল আদায় হয়েছে ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। একই সময়ে পদ্মা সেতুতে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা বেড়ে ১ হাজার ৮টি হয়েছে। পরিষেবাটি চালুর পর থেকে এ পর্যন্ত ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে পদ্মা সেতু পার হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ম্যানুয়াল টোল আদায়ের পরিবর্তে একক ও অভিন্ন ডিজিটাল ব্যবস্থা চালুর লক্ষ্যেই ইটিসি কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। ইটিসির মাধ্যমে ১০ কোটির বেশি টোল আদায় এবং ১ হাজারের বেশি যানবাহনের নিবন্ধন দেশের পরিবহন খাতে প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস সেবা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বর্তমানে ট্যাপ, বিকাশ, নগদ, উপায়সহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিজিটাল অ্যাপের মাধ্যমে পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ইটিসি ব্যবহারের জন্য বিআরটিএ প্রদত্ত RFID ট্যাগ সচল থাকলেই হবে। আলাদা কোনো ট্যাগের প্রয়োজন নেই। ইটিসি লেন ব্যবহারকারী যানবাহনকে টোল প্লাজায় থামতে হয় না। প্রায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যায়। এতে টোল প্লাজায় অপেক্ষার সময়, যানজট ও জ্বালানি অপচয় কমছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে দেশের অন্যান্য প্রধান সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলেও ধাপে ধাপে ক্যাশলেস ইটিসি ব্যবস্থা চালুর কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি সব পরিবহন মালিক ও চালকদের দ্রুত ইটিসিতে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

বিপিসির চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হলো

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক আগামীকাল

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী ভাতা বাড়ল

সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়নে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উচ্চপর্যায়ের সভা

শাপলা চত্বর হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

বাংলাদেশ–কোরিয়া অংশীদারত্ব চুক্তির আলোচনা চূড়ান্ত ধাপে, খুলছে রপ্তানি ও বিনোয়েগের দুয়ার

গ্যাস-সংকটের সঙ্গে এবার বাড়ল লোডশেডিং

সরকারি খাসজমি অব্যবস্থাপনার দায়ে সাবেক ইউএনওর শাস্তি

দাপ্তরিক পত্রে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

এক বছর পর আজ রাতে আবার চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট