হোম > জাতীয়

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানিমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

দেশে তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জ্বালানি ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘তেলের কোনো সংকট কখনো হয় নাই। এখনো হবে না। কখনো হবেও না। কারণ, পর্যাপ্ত স্টক আমরা ক্রয় করতে যাচ্ছি।’

এ সময় মন্ত্রী জানান, এখন দেশে কোথাও লোডশেডিং নেই। যদি বিদ্যুৎ না থাকে, সেটা লাইনের ফল্টের কারণে থাকে না।

গ্রামেও লোডশেডিং নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা। যদি “ফল্ট” (ত্রুটি) হয়ে যায় বিদ্যুৎ ফ্লিপ করলে ওই “ফল্ট লোকেট” করতে তাদের সময় লাগে। সে জন্য বিদ্যুৎটা আসে না। আবার ত্রুটি ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে।’

ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘আজকে আমাদের এই ডিসি সম্মেলনে আমরা আমাদের জ্বালানি এবং বিদ্যুতের যে পরিস্থিতি সেটা তুলে ধরলাম। কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল। তাদের সহযোগিতায় আমরা সমস্যা থেকে উত্তরণ করতে পেরেছি। তাদেরকে ধন্যবাদ দিয়েছি।’

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিন আজ। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য-অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ড. এ কে এম শামসুল ইসলামসহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানেরা অংশ নেন। দিনব্যাপী মোট আটটি কার্য-অধিবেশনে স্থানীয় সরকার, মুক্তিযুদ্ধবিষয়ক, ভূমি, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মতবিনিময় করছেন। কার্যসূচি অনুযায়ী বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জেলা প্রশাসকেরা। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে তৃতীয় দিনের কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের জমি ক্রোক, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম

সৌদির বিধিনিষেধে বাংলাদেশের ১১৪ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৭ হাজার ৭০১ যাত্রী

জাবির অধ্যাপক নাহরিন ইসলাম খান হলেন প্রধান তথ্য কমিশনার

রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় বেঁধে দিলেন সময়

কর্ণফুলী টানেলের লোকসানের কারণ তদন্ত করবে সংসদীয় কমিটি

আজিমপুর সরকারি কোয়ার্টারে অপরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, ২ সপ্তাহের মধ্যে বাসযোগ্য করার নির্দেশ

মিরপুর-১০ নম্বরের দখলমুক্ত ফুটপাত পরিদর্শন প্রধানমন্ত্রীর

দুর্গাপূজায় নাশকতার হুমকির তথ্য নেই, স্বার্থান্বেষী মহল চেষ্টা করতে পারে: ফায়ার সার্ভিস

অগ্নিনিরাপত্তা লাইসেন্স নেই টুপটুপ রিসোর্টের, জুনে দেওয়া হয় নোটিশ: ফায়ার সার্ভিসের ডিজি