হোম > জাতীয়

সাউথ বাংলা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আমজাদের সম্পদের হিসাব চায় দুদক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের একাধিক মামলার আসামি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেনের সম্পদের পূর্ণাঙ্গ হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বলছে, স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যয়ের হিসাব মিলিয়ে প্রায় ৬০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়ার পর তাঁর দেশে-বিদেশে তাঁর আরও সম্পদ ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকতে পারে বলে মনে করছে দুদক। যে কারণে তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে।

আজ মঙ্গলবার দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম।

দুদক জানায়, অনুসন্ধানে এস এম আমজাদ হোসেনের নামে ৩০ কোটি ৯৪ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের স্থাবর এবং ১ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৮৯৩ টাকা মূল্যের অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। সব মিলিয়ে তাঁর স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য ৩২ কোটি ৫৭ লাখ ৮৫ হাজার ৫৩ টাকা।

এর বাইরে পারিবারিক ও অন্যান্য খাতে তাঁর ব্যয়ের পরিমাণ পাওয়া গেছে ১৩ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ৯৪৪ টাকা। ফলে ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪৬ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৯৯৭ টাকা।

অন্যদিকে অনুসন্ধানে তাঁর গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ৪৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭৪১ টাকা। হিসাব অনুযায়ী তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৫৯ লাখ ৮৬ হাজার ২৫৬ টাকা।

দুদক বলছে, আমজাদ হোসেনের অর্জিত সম্পদের বিপরীতে দাখিল করা আয়-ব্যয় ও দায়-দেনাসহ বিভিন্ন উৎসের প্রমাণক আরও বিশদভাবে যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে তাঁর নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের সঠিকতাও নিরূপণ করতে হবে।

অনুসন্ধানে ভারত ও যুক্তরাষ্ট্রে তাঁর মালিকানাধীন একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া দেশে ও বিদেশে তাঁর আরও সম্পদ থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে দুদক।

এসব বিষয় যাচাইয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারায় তাঁর প্রতি সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করেন অনুসন্ধানকারী কর্মকর্তা। কমিশন ওই সুপারিশের ভিত্তিতে তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এ অনুসন্ধান পরিচালনা করেন।