হোম > জাতীয়

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন পর্যালোচনায় গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব করেছে শ্রমিকপক্ষ। তবে এ দিন মালিকপক্ষ কোনো প্রস্তাব জমা দেয়নি, প্রস্তাবনার জন্য তাদের চার দিন সময় দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে এই বৈঠকে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, এক নম্বর গ্রেডে ৪৮ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৪৩ হাজার, তিন নম্বর গ্রেডের জন্য ৩৮ হাজার ও চার নম্বর গ্রেডের জন্য ৩২ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে। শিক্ষানবিশকাল বা নতুন করে কর্মক্ষেত্রে যোগ দেওয়া শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরি প্রস্তাব করা হয়েছে।

কর্মচারীদের মজুরি প্রসঙ্গে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল বলেন, ‘এক নম্বর গ্রেডে ৫৫ হাজার টাকা, দুই নম্বর গ্রেডের জন্য ৫০ হাজার টাকা, তিন নম্বর গ্রেডের জন্য ৪৫ হাজার টাকা এবং চার নম্বর গ্রেড, যেটা একবারে অফিস স্টাফ আমরা বলি, সেটার জন্য আমরা ৪০ হাজার টাকা প্রস্তাব করেছি।’

বাবুল আখতার বলেন, ‘একজন শ্রমিক পরিবারের চারজন সদস্য বিবেচনায় যদি আপনি ক্যালোরি হিসাব করেন বা বর্তমান বাজারমূল্য, ঘরভাড়া, চিকিৎসা, তাদের বাচ্চাদের শিক্ষা সমস্ত কিছু যদি বিবেচনায় নেন, তাহলে ৪৫ হাজার থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এটা তো আর চাইলেই দেবে না, তো সেই ক্ষেত্রে আমরা দাবিটা যতটুকু পেরেছি কমিয়ে নিয়ে এসেছি।’

পরবর্তী বৈঠক ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘সোমবার মালিক, শ্রমিক—উভয় পক্ষেরই প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চেয়েছে। চার কার্যদিবস সময় দিয়েছি। ব্যর্থ হলে আমরা তাদের প্রস্তাবের অপেক্ষা করব না।’

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন বলেন, ‘ঢাকায় ও এর আশপাশের বিশৃঙ্খল পরিস্থিতির কারণে আমাদের ওই দিকেই বেশি নজর দিতে হয়েছে। এদিকে আমরা সেইভাবে মনোনিবেশ করতে পারি নাই। যার জন্য আমরা এক সপ্তাহ সময় চেয়েছিলাম। কিন্তু বোর্ড চেয়ারম্যান ও বোর্ডের সবার সম্মতিক্রমে চার দিনের সময় দেওয়া হয়েছে। আগামী চার কর্মদিবসের ভেতরে আমাদের প্রস্তাবনা পেশ করব ইনশা আল্লাহ।’

এক প্রশ্নের জবাবে বিজিএমইএর এই পরিচালক বলেন, নতুন বেতনকাঠামো ডিসেম্বরেই কার্যকর হবে, শ্রমিকেরা তা পাবেন জানুয়ারির শুরুতে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, সভায় সর্বসম্মতিক্রমে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শ্রমিকদের বাস্তব অবস্থা ও প্রত্যাশা সরাসরি জানতে চলতি সপ্তাহের মধ্যেই বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে সব শ্রেণির পোশাক কারখানা পরিদর্শন করবেন। দ্বিতীয়ত, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে। প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) এবং দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন। চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।

তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে। ২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এ ক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’

গঙ্গা, এলপিজি, গার্মেন্টসসহ চার বিষয়ে আলোচনার জন্য সংসদে বিরোধী দলের নোটিশ

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি এসেছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী