হোম > জাতীয়

সুষ্ঠু স্থানীয় নির্বাচন উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: স্থানীয় সরকারমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী তাঁত বোর্ড ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় সরকার মন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরুদায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। আগামী দিনে পাঁচটি স্তরে স্থানীয় সরকারের নির্বাচন করার কথা জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে আমাদের মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

আজ শুক্রবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী তাঁত বোর্ড ইনস্টিটিউট অডিটরিয়ামে জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশন, পৌরসভা থেকে শুরু করে উপজেলা ও ইউনিয়ন পরিষদ পর্যন্ত এই মন্ত্রণালয়ের যে দায়িত্ব রয়েছে, সেটা আমরা সঠিকভাবে পালন করতে চাই। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী তথা শহরের সিটি করপোরেশনের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য আমাদের এই মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’

বাংলাদেশ বিগত ১৭ বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে গড়ে তুলতে হবে জানিয়ে মঈন খান বলেন, ‘আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, তার দুটি দিক রয়েছে—একটি হচ্ছে সারা দেশের ও স্থানীয় সরকারের অবকাঠামো। সেটাকে গড়ে তোলা এবং বাংলাদেশের যে অনগ্রসর জনগোষ্ঠী, যাঁরা গ্রামাঞ্চলে বসবাস করেন, তাঁদের উন্নয়ন নিশ্চিত করা।’

সভায় জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন বকুল, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট শিরীন সুলতানা এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার।