হোম > জাতীয়

আদালতের আদেশ ছাড়া জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিবন্ধন হারানো রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী অন্য নামে আসলেও তাদের নিবন্ধন ফিরে পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তবে আদালত যদি কোনো আদেশ দেন সে ক্ষেত্রে মানতেই হবে ইসিকে। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আলমগীর এমন মন্তব্য করেন। 

মো. আলমগীর বলেন, ‘যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল-বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন আদালতের আদেশে বাতিল হয়েছে। তাই ওই দলের ব্যক্তিরা ভিন্ন নামে আবেদন করলেও নিবন্ধন পাওয়ার সুযোগ নেই।’ 

২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে নিবন্ধন দেওয়া হয়েছিল। দলটির নিবন্ধন নম্বর ছিল ১৪। 

২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি জামায়াতের নিবন্ধন নিয়ে এক রিট পিটিশন দায়ের করেন। কয়েক দফা শুনানির পর হাইকোর্ট ২০১৩ সালের ১ আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। তবে তখন ইসি থেকে জামায়াতের নিবন্ধন বাতিল করে কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। পরে ২৯ অক্টোবর ২০১৮ সালে গেজেট হয়। 

জামায়াত ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার কোনো সুযোগ আছে কি-না? এমন প্রশ্নের জবাবে মো. আলমগীর বলেন, এই ধরনের প্রশ্নের কোনো উত্তর হয় না। তবে যেহেতু আদালত বলেছেন, তাহলে দেওয়া কোনো সুযোগ নেই। 

যদি নতুন করে আবেদন করে একই মানুষ, কিন্তু ভিন্ন দল; তাহলে কী সুযোগ আছে-এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘একই মানুষ আসবে কি-না, তাতো আর বলতে পারব না। যারা আবেদন করছেন, যদি দেখি যে ক্রাইটেরিয়া মেলে না, তাহলে তো দিতে পারব না।’ 

অন্য নামেও হলে কি নিবন্ধন পাওয়ার সুযোগ আছে, এই প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘অন্য নামে হলেও তো জিনিস তো একই। দলের গঠনতন্ত্র যদি আমাদের সংবিধানের সঙ্গে অসংগতিপূর্ণ হয়, তাহলে তো কোনো সুযোগ নেই। কোর্ট যদি কোনো আদেশ দেয় সেটা ভিন্ন কথা। কোর্টের আদেশ তো মানতে হবে।’ 

নতুন দল সম্পর্কে তদন্ত রিপোর্ট কি গোয়েন্দার সংস্থার কাছ থেকে নেওয়া হয়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থার তদন্ত নয়। আইনে আছে আমাদের কর্মকর্তারাই তদন্ত করবেন। 

সাংবাদিকদের সঙ্গে আলাপে ইসি আলমগীর কথা বলেন নির্বাচন প্রসঙ্গে। এ সময় তিনি বলেন, ‘কোনো দল নির্বাচনে আসা, না আসা গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার আমরা হস্তক্ষেপ করতে পারব না। তারা কী ধরনের সহযোগিতা চায় তা আমাদের কাছে এসে বলতে হবে এবং এমন সহায়তা চাইবে যেটা নির্বাচন কমিশনের দেওয়ার ক্ষমতা আছে। এখন একটা দল যদি বলে আমাদের ফান্ড দিতে হবে, সেটা দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই। যারা আলোচনা করেছেন ইভিএমে নিয়ে, মতামত দিয়েছে তাদেরকেই আমরা আমলে নিয়েছি। বিএনপি তো আলোচনায় আসেনি। আমরা পর্যালোচনা করে দেখেছি যে ইভিএমের পক্ষেই বেশি বলেছেন।’ 

১৫০ আসনের ইভিএমে ভোট করার বিষয়ে আলমগীর বলেন, ‘ইসি সচিবালয় বলেছে সম্ভব হবে বলে মনে করছেন তারা। বর্তমানে যুদ্ধের কারণে সারা বিশ্বে অস্থিরতা আছে। এখন কতটুকু কেনা সম্ভব হবে সেটা বলতে পারছি না। আমরা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে ইভিএম নিই। তারাও তো নিজেরা তৈরি করে না, বিদেশে থেকে আনে। সচিবালয় বলেছে আগামী তিন মাসের মধ্যে তারা প্রজেক্ট করতে পারবে। পরবর্তীতে ক্রয় ও প্রশিক্ষণে তারা যেতে পারবে বলে মনে করছে। যদি বিদেশ থেকে আনতে এবং ফান্ড নিয়ে কোনো সমস্যা না হয় তাহলে ১৫০ আসনে সম্ভব।’ 

উপজেলা পরিষদে কার্যালয়: এমপিদের খবরদারির সুযোগ উপজেলায়

নামজারিতে দালালদের দৌরাত্ম্য বন্ধে বিশেষ অভিযানের দাবি সংসদে

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

সুপ্রিম কোর্টের সরকারি গাড়িতে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ

‘৯৯ শতাংশ পুলিশ সৎ’—আইজিপির মন্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দুই রাষ্ট্রদূতের নিয়োগ বাতিল

কুয়েতে এন্ট্রি ভিসার মেয়াদ বাড়বে না, করতে হবে নতুন আবেদন

১১ দিনের মাথায় ফের বন্ধ আদানির একটি ইউনিট, লোডশেডিং বাড়ার শঙ্কা

ভার্চুয়াল কোর্ট চান না​ আইনজীবীরা, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

লিবিয়ায় বাংলাদেশিদের বৈধকরণে সাধারণ ক্ষমার প্রস্তাব রাষ্ট্রদূতের